News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত-এনসিপিতে উত্তেজনা বাড়ছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৯:৪১ পিএম নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত-এনসিপিতে উত্তেজনা বাড়ছে

বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা তথা এনসিপি ঐক্যবদ্ধ থাকলেও বর্তমানে তাদের মাঝে সেই ঐক্য থাকছে না। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাদের মধ্যে বেশ ভালোভাবেই ফাটল ধরেছে। আর সেই ফাটল থেকে এবার বিএনপি ও জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতারা পরস্পরের সাথে বিরোধীমুখী অবস্থানে রয়েছেন।

বিভিন্ন সভা সমাবেশে একে অপরকে উদ্দেশ্য করে পাল্টাপাল্টি বক্তব্য রাখছেন। সেই সাথে তাদের এই বক্তব্যে দিন দিন উত্তেজনা বাড়তে শুরু করছে। এভাবে আর কিছুদিন চলতে থাকলে হয়তো সরাসরি একে অপরের মুখোমুখি অবস্থানে চলে আসবেন।

জানা যায়, গত ১ আগস্ট নারায়ণগঞ্জে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণমিছিলের আয়োজন করা হয়। এদিন বিকেলে শহরের চাষাঢ়া মিশনপাড়া মসজিদ সংলগ্ন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ম-লপাড়া পুল এলাকায় সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

আর এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার বলেছেন, এই সরকারের উপড় ভুত সওয়ার হয়েছে। আমরা বললে কষ্ট পাবেন। অনেকদিন একসাথে ছিলাম। হঠাৎ করে এসব হক কথা বললে আপনারা কষ্ট পাবেন। দেশ ও জাতির স্বার্থে হক কথা বলতে আমরা কারও চোখের দিকে তাকিয়ে কথা বলবো না। তাদের মধ্যে এখন ফ্যাসিবাদের চরিত্র দেখছি।

আব্দুল জব্বার বলেন, বিএনপিকে বলতে চাই আপনাদের ভিতরেও ফ্যাসিবাদের চরিত্র দেখতে পাচ্ছি। গতকালকে আড়াইহাজারে ন্যাক্কারজনকভাবে জামায়াতের কর্মীদের উপড় বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? জামায়াতে ইসলামী মঞ্জুরুল ইসলাম স্টেডিয়ামে কর্মসূচি ঘোষণা করেছিলো। ঠিক একই সময় বিএনপিও কর্মসূচি ঘোষণা করে। আমরা চিন্তা করলাম সরকারি দলের পাওয়ায় যেহেতু বেশি। আমরা তিনটার পরিবর্তে চারটায় কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

আব্দুল জব্বার বলেন, এটা ফেসবুকে দেয়ার পর আমাদের লোকজরে উপড় হামলা করেছে। তাদের বাড়ি ঘরে হামলা করেছে। এতে বুঝা যায় বিএনপির সাথে আওয়ামী লীগ যোগ দিয়েছে। আপনারা নেতাকর্মীদের সামলান অন্যথায় একসময় গদি নিয়ে টান দিবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ফ্যাসিবাদের কোনো ছায়া থাকবে না। 

এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও অন্যান্য নেতাদের অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি। সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি ভবিষ্যতে তিনি এ জেলায় এলে প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়।

গত ১ আগস্ট বিকেলে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি চাষাঢ়া ও নারায়ণগঞ্জ প্রেসক্লাব এলাকা পদক্ষিণ করে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতারা বলেন, এনসিপির মতো একটি "কথিত বাণিজ্যিক দল"-এর নেতাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে ভয়ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছে এনসিপির নেতারা।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। মিথ্যাচার ও কটূক্তির মাধ্যমে তারেক রহমান বা বিএনপির ভাবমূর্তি ক্ষুণœ করা যাবে না। নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে এলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

একই সাথে এই কর্মসূচি থেকে পায়ে পিষে মেরে ফেলারও হুমকি প্রদান করা হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি করেছে।

তাদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেছেন, গত ১৬-১৭ বছর লীগেরা এমন বক্তব্য দিতো- বিরোধী সকল মতকে এমনকি বিএনপিকেও পায়ে পিষিয়ে মেরে ফেলতে চাইছিলো। তখন কেন উল্টো পিষায় দিতে পারলেন না? তবে তো বহু আগেই বাংলাদেশ উত্তরণের পথে হাটতে পারতো। অনেক আগে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠন হইতো। দেশ ও দেশের মানুষ স্বৈরতন্ত্র থেকে পরিত্রাণ পাইতো। ঈদের পর বলে বলে যেই দলের ঈদ আসে নাই। আজকে ছাত্র-জনতার কাঁধে ভর করে ঈদ ঈদ ফিল পাচ্ছে।

তিনি আরও বলেন, এরা লীগের সকল পথকে অবলম্বন করে রাজনীতি চালিয়ে যাচ্ছে। লীগের বক্তব্য কপি করছে। পিষে মেরে ফেলতে চাচ্ছে এনসিপিকে। কিন্তু ফল কি হবে তা তাদের হয়তো এখনো অজানা। মনে রাখতে হবে মজলুমরা জুলুমবাজ হইতে পারে কিন্তু স্থায়িত্ব ধরে রাখতে পারে না।

একইদিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই সময়ে পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলেও পুলিশের মধ্যস্থতায় বড় ধরনের কোনো সংঘাত ছাড়াই কর্মসূচির সমাপ্তি হয়েছে। গত ১ আগস্ট বিকেল বিকেল থেকে সন্ধ্যায় পর্যন্ত আড়াইহাজার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এদিন বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে আড়াইহাজার বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ সদস্যরা দুই মিছিলের মাঝামাঝি অবস্থান বজায় রেখে বড় ধরনের সংঘর্ষ এড়াতে সক্ষম হন।

স্থানীয়রা জানান, বিকেলে আড়াইহাজার বাজার এলাকায় জামায়াতে ইসলামী একটি মিছিল বের করে। ঠিক একই সময় বিএনপির নেতাকর্মীরাও পৃথক একটি মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। দুটি মিছিল কাছাকাছি চলে এলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ।

আর এভাবেই একের পর কার্যক্রমের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেই সাথে শেষ পর্যন্ত এই উত্তেজনা সংঘাতে গিয়ে রূপ না নেয় সেটা পরিলক্ষিত বিষয়।