৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির দিনে সরকারি তোলারাম কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
একইসাথে এই ঘটনায় উভয় সংগঠনের আহত নেতাকর্মীদের হাসপাতালে গিয়ে স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট ৫ দফা দাবি পেশ করেন।
সরকারি তোলারাম কলেজে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদ ও সংঘটিত নৈরাজ্যের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহা এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৌরভ সেন এক যৌথ বিবৃতিতে বলেন, তোলারাম কলেজের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিল এবং যেখানে চারজন শিক্ষার্থী শহীদ হয়েছেন, সেই ক্যাম্পাসে আজ পেশিশক্তির প্রদর্শন, সহিংসতা ও রক্তপাতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শহীদদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার; সেই আকাঙ্ক্ষার পরিপন্থী যেকোনো সহিংসতা চরম নিন্দনীয়। শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক আধিপত্য বিস্তার বা শক্তি প্রদর্শনের জায়গা নয়; বরং এটি মুক্তচিন্তা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র। অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্ভর বর্তমান এমন কোনো ক্যাম্পাসের জন্য ২০২৪ সালের অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়ে রাস্তায় নামেনি; তারা নেমেছিলো সব ধরনের বৈষম্যের অবসান ঘটাতে। শিক্ষাঙ্গনের পরিবেশ যেন পুনরায় পতিত স্বৈরাচারী হাসিনা আমলের মতো ভীতিকর রূপ না নেয়, সেজন্য প্রতিটি ক্যাম্পাসে ‘পরিবেশ পর্ষদ’ গঠনের কোনো বিকল্প নেই। এই পর্ষদ হবে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দলমত-নির্বিশেষে সকল রাজনৈতিক সংগঠন একই ছাতার নিচে বসে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার সিদ্ধান্ত নেবে এবং সাধারণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।"
হাসপাতালে আহতদের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, তোলারাম কলেজ শাখার সদস্য সচিব ও জেলার রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, তোলারাম কলেজের দপ্তর সম্পাদক ও জেলার কার্যকরী সদস্য সিয়াম সরকার-সহ ছাত্র ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

































আপনার মতামত লিখুন :