News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

দিপুর ডিও লেটারের পর নারায়ণগঞ্জে মেট্রোরেল নিয়ে অগ্রগতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৬:৩৫ পিএম দিপুর ডিও লেটারের পর নারায়ণগঞ্জে মেট্রোরেল নিয়ে অগ্রগতি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত মেট্রোরেরল স্টেশন করতে প্রধানমন্ত্রীকে দেওয়া ডিও লেটারের পরবর্তী অগ্রগতি হয়েছে। গত ৩০ জুলাই প্রধানমন্ত্রীর প্রটৌকল অফিসার উজ্জল হোসেন সাক্ষরিত চিঠিতে জানানো হয়, এমআরটি লাইন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলাকে পুনঃসম্পৃক্তকরণ সংশ্লিষ্ট ডিওপত্র বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রমের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

এর আগে নারায়ণগঞ্জবাসী ও ব্যবসায়ীদের বিষয়টি চিন্তা করে তিনি এ চিঠি দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু যিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি।

২২ জুলাই প্রধানমন্ত্রীকে দেওয়া ডিও লেটারে দিপু ভূইয়া লিখেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলা আয়তনে দেশের অন্যতম ছোট জেলা হলেও এখানে প্রায় এক কোটি মানুষের বসবাস। শিল্পঘন এই জেলায় সাড়ে সাত হাজারের (৭,৫০০) বেশি ছোট-বড় শিল্প কারখানা রয়েছে, যেখানে দেশের মোট নিটওয়্যার উৎপাদনের প্রায় ৫৫% সম্পন্ন হয়। এছাড়া হোসিয়ারি ও ঐতিহ্যবাহী জামদানী শিল্পসহ দেশের শীর্ষস্থানীয় বৃহৎ শিল্প গ্রুপগুলোর কারখানা এই জেলায় অবস্থিত। প্রাচীন রাজধানী পানাম সিটি এবং মুঘল স্থাপত্য শৈলী সমৃদ্ধ নারায়ণগঞ্জে প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন।

পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও চাকরি সংক্রান্ত প্রয়োজনে প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রায় চার লক্ষ মানুষ যাতায়াত করেন। কিন্তু অপ্রতুল জনবান্ধব পরিবহন সেবা ও তীব্র যানজটের কারণে এই বিশাল জনসংখ্যার যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পূর্বে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী- এই ৬টি জেলাকে অন্তর্ভুক্ত করে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। উক্ত প্রাথমিক প্রস্তাবনায় এমআরটি লাইন রুটে সাইনবোর্ড-ভূইগড়-জালকুড়ি-শিবুমার্কেট-চাষাঢ়া হয়ে নারায়ণগঞ্জ বাস টার্মিনালকে সংযুক্ত করার বিষয়টি অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত ছিল।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাম্প্রতিক সময়ে এমআরটি লাইন এর রুট পরিবর্তন করে নারায়ণগঞ্জ শহরের সংযোগ বাদ দিয়ে নতুন পরিকল্পনার কথা জানা যাচ্ছে। এতে নারায়ণগঞ্জের সর্বস্তরের নাগরিকেরা মেট্রোরেলের কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় গভীর উদ্বিগ্ন হয়ে পডছেন।

স্থানীয় সর্বস্তরের জনগণ ও অংশীজনেরা নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে বহাল রাখার দাবিতে ইতিমধ্যেই মানববন্ধন, সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন। এমআরটি লাইন ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হলে এই অঞ্চলের দীর্ঘদিনের যানজট নিরসন হবে, পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, পরিবেশবান্ধব শিল্পের বিস্তার ঘটবে এবং বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হবে।

এমতাবস্থায়, যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করা, শিল্প-বাণিজ্যের প্রসার ও বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার স্বার্থে এমআরটি লাইন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড-ভূইগড়-জালকুড়ি-শিবুমার্কেট-চাষাঢ়া ও নারায়ণগঞ্জ বাস টার্মিনাল অংশটি পুনর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।