নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সেই সাথে বিভিন্ন সভা সমাবেশে এনসিপির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে নারায়ণগঞ্জ বিএনপির নেতারা। সম্প্রতি ৫ মিনিটে মোকাবেলা এবং তেলাপোকার মত পিষে মারার ঘোষণার পর নতুন করে মিছিল করেছে বিএনপি নেতারা।
গত রোববার রাতে সাবেক এক ছাত্রদল নেতার উদ্যোগে বিক্ষোভ মিছিল থেকে এনসিপিকে জবাই করার স্লোগান দেয়া হয়। সোমবার মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও এমপিপুত্র আবুল কাউসার আশার মিছিল থেকে এনসিপি নেতাকর্মীদের চামড়া তুলে ফেলার স্লোগান দেয়া হয়। যা দৃশ্যতই হত্যার হুমকির শামিল।
রোববার নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ সভাপতি সাইদুর রহমান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীবের পক্ষে মিছিল বের করেন। প্রায় ত্রিশ জন যুবকের বিশাল সেই মিছিল থেকে স্লোগান দেয়া হয় 'একটা একটা এনসিপি ধর, ধইরা ধইরা জবাই কর'। ছাত্রদলের সাবেক এই নেতার মিছিল থেকে আসা এমন হুমকির স্লোগান ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
যদিও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব এই ঘটনার পর তার ছবি ব্যবহার করে অন্য কাউকে কর্মসূচি পালন করতে নিরুৎসাহিত করেন।
সোমবার শহরে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা। তার সেই বিক্ষোভ সমাবেশ থেকে কড়া বার্তা দেয়া হয়। সেই সাথে মিছিলে স্লোগান দেয়া হয় 'এনসিপির চামড়া, তুলে নেব আমরা'।
তবে ৫ আগস্টের পূর্বে নারায়ণগঞ্জে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি বর্ষণ ও হামলার সাথে জড়িত আওয়ামী লীগ নিয়ে এমন হুশিয়ারি মিছিল করতে দেখা যায়নি ক্ষমতাসীন দল বিএনপিকে। বরাবরই মিছিলে স্লোগান থাকতো 'লীগ ধর, জেলে ভর'। তবে ক্ষমতাসীন দলের বর্তমান বিরোধী দল এনসিপির মত ক্ষুদ্র দলের কর্মীদের জবাই ও চামড়া তোলার বার্তা স্পষ্ট করে বিএনপির জন্য বড় দুশ্চিন্তার কারন হয়ে দাড়িয়েছে এনসিপি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারী তার অরুচিকর বক্তব্যের জন্য সমালোচিত হচ্ছেন এটা সত্য। কিন্তু তার সেই বক্তব্যের জবাবে বিএনপির নেতারা যেই ভাষায় এনসিপিকে হুমকি ধামকি দিচ্ছেন সেটা রাজনৈতিক সভ্যতাকে অতিক্রম করেছে। অপরের সমালোচনা করতে গিয়ে তারা নাসিরকেও ছাড়িয়ে যাচ্ছেন। ফলে তাদের উচিত নাসিরের মত নিজেদের ভাষাও সংযত করা।




































আপনার মতামত লিখুন :