News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

১ মাসে ১২ লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৯:৫২ পিএম ১ মাসে ১২ লাশ উদ্ধার

গত ১ মাসের ব্যবধানে নারায়ণগঞ্জে কমেছে লাশ উদ্ধারের সংখ্যা। গত ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এই ১ মাসে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। ১২টি লাশ উদ্ধারের মধ্যে হত্যাকান্ডে ৭ জন এবং ৫ জনের অপমৃত্যু হয়েছে।

জানা যায়, গত ২ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশে মো. মোতালেব হোসেন (৬১) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. মোতালেব হোসেন লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা।

গত ৪ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় ছিনতাইকাইকারী আখ্যা দিয়ে সিজান (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিযার ছেলে।

গত ৫ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লায় সিটি বোর্ড মিল নামের একটি কারখানায় কাজ করার সময় মেশিনের ভেতরে হাত ঢুকে থেঁতলে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৩)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লায় ভাড়া বাসায় সপরিবারে বসবাস করতেন।

গত ৬ জুলাই নারায়ণগঞ্জের আড়াইহাজারের জাঙ্গালিয়া এলাকা থেকে মো. হারুন নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হারুন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিসনাদীর ভিটিপাড়া এলাকার মো. অলিল্লাহর ছেলে।

একইদিন নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর সিএসডি গেট এলাকা নিজ বসতবাড়ি থেকে সৈয়দ হোসেন পিয়াল (২৪) নামে এক যুবকের হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিয়াল বন্দর থানার একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

গত ৮ জুলাই নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার ছাপড়া মসজিদের সামনে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সিয়াম ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গত ১৩ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার সাদিয়া আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। সে পিরোজপুরের ভান্ডারিয়ার উত্তর শিয়ালকাঠি গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে ও আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিল। 

গত ১৬ জুলাই নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের কেরোসিন ঘাট থেকে শীতলক্ষ্যা নদীর জেটিতে আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ মো. সাদিক (৩৫) নামে ডুবুরি মরদেহ করেছে ফায়ার সার্ভিস। মৃত মো. সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি এলাকার আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

গত ২২ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের ৪ নম্বর ওয়ার্ডের রায়হান সিএনজি পাম্পের সামনে প্রাইভেটকারের চালকের ঘুষিতে রফিক (৪৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ‎নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে অটোরিকশা চালাতেন।  

গত ২৬ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা বালুরঘাট এলাকায় রাজু আহম্মেদ (৩২) নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রাজু আহম্মেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে। পেশায় তিনি স্থানীয়ভাবে একটি গরুর খামার পরিচালনা করতেন।

একইদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া মাদবর বাড়ি থেকে তালাবদ্ধ একটি ঘর থেকে তানিয়া আক্তার (২২) নামের এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানিয়া পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার শাহ আলমের মেয়ে।

গত ২৮ জুলাই দাম্পত্য কলহের জেরে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার এক দিনের মাথায় নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়াম-সংলগ্ন একটি ভবনের ভাড়া বাসা থেকে মো. আবু হানিফ নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে