News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

বিএনপি জামায়াত ছাত্র সংগঠনের নেতাদের ছাত্রশিবির সভাপতির কৃতজ্ঞতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৯:২৫ পিএম বিএনপি জামায়াত ছাত্র সংগঠনের নেতাদের ছাত্রশিবির সভাপতির কৃতজ্ঞতা

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেছেন, দীর্ঘ প্রতিক্ষার পর সোমবার থেকে তোলারাম কলেজের ছাত্রাবাস আবার চালু হবে। আবার ছাত্রদের পদচারণায় মুখরিত হবে প্রিয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে। সকল প্রতিকূলতা কাটিয়ে ছাত্রাবাস চালু করার বিষয়ে অনেকেই বিভিন্নভাবে চিন্তা, পরামর্শ ও সহযোগিতা করেছেন।

রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টসে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

অমিত হাসান বলেন, বিশেষ করে মহানগর জামায়াতের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বি মাওলানা মাইনুদ্দিন সাহেব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ টিপু এবং ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

একই সাথে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন ছাত্রশক্তি, ছাত্র মজলিস সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। আপনাদের আন্তরিক ধন্যবাদ। ছাত্রশিবিরের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা শিক্ষার্থীদের সংকট ও কষ্টগুলো উপলব্ধি করেছেন এবং সেগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করেছেন।

তিনি বলেন, হোস্টেলের সকল শিক্ষার্থীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটি অনাকাক্সিক্ষত ঘটনায় আপনারা বেশ কয়েকদিন কষ্ট করেছেন, অনেকেই নিজেদের মূল্যবান সম্পদ হারিয়েছেন। আপনাদের এই কষ্ট ও ক্ষতি আমাদেরও ব্যথিত করেছে।

‘‘সর্বশেষ, সবার প্রতি অনুরোধ আপনাদের সংযম, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আগামীকাল থেকে ছাত্রাবাসে পুনরায় একটি স্বাভাবিক ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। আসুন, আমরা সবাই মিলে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখি। তোলারাম কলেজ ছাত্রাবাস আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে।’’ যোগ করেন অমিত।