News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

হত্যা মামলার আসামি চেয়ারম্যান প্রকাশ্যে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ১০:০১ পিএম হত্যা মামলার আসামি চেয়ারম্যান প্রকাশ্যে

আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের দুঃশাসনে যারা সুবিধা ভোগ করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট সরকার পতনের পর সেই সকল সুবিধাভোগী প্রত্যেকেই হয়েছে একাধিক মামলার আসামি। গ্রেপ্তার ভয়ে চলে গেছে আত্মগোপনে। তেমনই একজন সুবিধাভোগী আলীরটেক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন। সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী এই চেয়ারম্যান জাকির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘটা একাধিক হত্যাকা-ের ঘটনায় দায়ের হওয়া মামলা আসামি হয়েও এখানো প্রকাশ্যে রয়েছেন। নিয়মিত তিনি ম-লপাড়া এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ের যাতায়াত করছেন, আলীরটেক ইউনিয়ন এলাকাতেও নিয়মিত যাতায়াত করছেন বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত হওয়ার একাধিক ছাত্র হত্যা মামলার আসামি হয়েও এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে বিস্মিত হয়েছেন আলীরটেকের লোকজন।

এখন পর্যন্ত এসব মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার না করাতেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকাবাসী।

আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকাকালীন বিরোধী দল বিএনপিকে আলীরটেকে দমন করে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে সময় তিনি সাবেক এমপি সাবেক ওসমান ও সেলিম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় আলীরটেকের অনেক বিএনপির কর্মীকে তিনি মামলায় অর্ন্তভুক্ত করেছেন অভিযোগ রয়েছে। সে সময় তিনি সাবেক এমপিদের ঘনিষ্ঠ হওয়ার কারণে কেউ তার বিরুদ্ধে কোন কথা বলার সাহস দেখায়নি। শুধু তাই নয় আলীরটেক ইউনিয়ন বিএনপিকে তিনি নিজের মত করে ছড়ি ঘুরানোর অভিযোগ করছেন কেউ কেউ। তাদের দাবি জাকির হোসেন আলীরটেকে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের তিনি নিজের অর্থের দাপটে কমিটিতে বড় পদ পাইয়ে দিয়েছেন। আবার তাদের দিয়ে শেখ হাসিনার জন্মদিনে কেক কাটিয়েছেন। যারা জাকির হোসেনের কথায় উঠবোস না করতো সেই সকল বিএনপি নেতাকে তিনি মামলার আসামি করে দিতেন।

৫ আগস্ট সরকার পতনের পর জাকির হোসেনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন আলীরটেক ইউনিয়নের লোকজন। এর আগে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় আলীরটেক ইউনিয়ন পরিষদের প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-সহ নিরীহ মানুষদের নানাভাবে হয়রানির অভিযোগ আনেন।

তবে সেই মানববন্ধনের প্রতিক্রিয়ায় জাকির হোসেন গণমাধ্যমকে বলেছেন তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে নির্বাচন করতেই মুন্সিগঞ্জ এবং বক্তাবলীর লোক এনে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপির ব্যানারে যারা মানববন্ধনটা করেছে তারা সবাই আওয়ামী লীগের লোক। তাদের সাথে এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের ভাল সম্পর্ক।

চেয়ারম্যান জাকির হোসেনের দেওয়া এমন বক্তব্যের পরে  আলীরটেকে সমালোচনা শুরু হয়। এর পর বেশ কিছু সময় নিজেকে আড়াল করে রেখেছিলো জাকির হোসেন।

সম্প্রতি তিনি আবারো ঘন ঘন প্রকাশ্যে দেখা যাচ্ছে। আলীরটেক বিভিন্ন সভায় তার সরব উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।

মামলা দায়েরর দুই বছর অতিবাহিত হওয়ার পরও জাকির চেয়ারম্যান প্রকাশ্যে ঘুরলেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে।