News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে জামায়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৯:০৪ পিএম নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে জামায়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত ইসলামী যুব আন্দোলন নেতা জাহিদ হাসান বুলবুলের পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী নেতৃবৃন্দ।

রোববার (২৩ আগস্ট) সকালে বন্দর শাহী মসজিদ এলাকায় নিহত বুলবুলের বাসভবনে যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং পরে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন।

পরিবারের সাথে সাক্ষাৎ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "সমাজে অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলে এবং সত্যের সংগ্রামে যারা জীবন দেন, তারা কখনো মরেন না। তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব।"

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন। বক্তব্যকালে জামায়াত নেতৃবৃন্দ অবিলম্বে কুখ্যাত 'সিফাত বাহিনী'র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সাথে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সঠিকভাবে দায়িত্ব পালন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমীর ফজলুল হাই জাফরী, মাওলানা মুফতী আতিকুর রহমান, থানা সেক্রেটারি কাজী মামুন, জহুরুল ইসলাম ও সাবেক থানা আমীর শহিদুল ইসলামসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।