News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

তোলারাম কলেজের ছাত্রাবাস খুলে দেয়া হচ্ছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৮:৩৫ পিএম তোলারাম কলেজের ছাত্রাবাস খুলে দেয়া হচ্ছে

ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় বন্ধ হওয়া সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাস খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষের কক্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে কলেজ প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ কলেজ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আজিজুল ইসলাম রাজীব বলেন, ছাত্রাবাসটি দ্রুত খুলে দেওয়ার বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবির একমত হয়েছে। ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে ফিরে আসতে পারেন, সে বিষয়ে দুই সংগঠনই সহযোগিতা করবে। পাশাপাশি ক্যাম্পাস ও ছাত্রাবাসের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে সহযোগিতা করা হবে।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, ৫ আগস্টের অনাকাক্সিক্ষত ঘটনার ধারাবাহিকতায় সমস্যা সমাধানের অংশ হিসেবে বৈঠকটি হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল বন্ধ হয়ে যাওয়া ছাত্রাবাস চালু করা এবং অস্থায়ীভাবে থাকা শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা।

তিনি জানান, কলেজের অধ্যক্ষ আগামীকালের মধ্যে ছাত্রাবাস চালুর আশ্বাস দিয়েছেন। ছাত্রাবাসে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবির সহযোগিতা করবে।

তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ জেলার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। বিভিন্ন সময় ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ হলেও আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি জানান, ছাত্রাবাস চালুর বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে। তদন্ত কমিটির সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর নোটিশ জারি করে আগামীকাল থেকে ছাত্রাবাস খুলে দেওয়ার আশা করা হচ্ছে।

একই সাথে ছাত্রনেতারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার বিষয়ে আশ্বাস দিয়েছেন। কলেজের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব ছাত্র ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতা প্রত্যাশা করছে প্রশাসন।

এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের উপস্থিতিতে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের দ্বন্দ্বের অবসান ঘটেছে। গত ১৮ আগস্ট রাতে তার কার্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের মধ্যে দিয়ে দ্বন্দ্বের অবসান ঘটানো হয়।

তার আগে গত ৫ আগস্ট দুপুরে শহরের চাষাঢ়া ও কলেজ রোড এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রায় ঘণ্টাখানেক সময় ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের ২০ জন কর্মী আহত হয়েছে।

এই সংঘর্ষের পরপরই সরকারি তোলারাম কলেজের শেরেবাংলা ছাত্রবাসেও ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে তোলারাম কলেজের শেরেবাংলা ছাত্রবাস আনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কলেজ প্রশাসন।