নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলীতে অবৈধ মাটি কাটা নিয়ে জেলা এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তৌহিদ আক্রান্ত হওয়ার পর কঠোর অ্যাকশনে গেছেন এমপি আব্দুল্লাহ আল আমিন। হামলার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা বাড়ে এনসিপির নেতাকর্মীদের মাঝে। রাতে ঢাকা থেকে ছুটে আসেন আবদুল্লাহ আল আমিন। তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে ফতুল্লা থানায় প্রবেশ করে ওসির রুমে অবস্থান নেন। এরপর রাত ১২ টায় থানায় এজাহার দায়ের করে থানা থেকে বের হন। পরদিন মঙ্গলবার বক্তাবলীতে গিয়ে সমাবেশ বিক্ষোভ করেন।
হামলার প্রতিক্রিয়ায় এমপি আবদুল্লাহ আল আমিন বলেন, ‘হালিম আজাদ ও তার অনুসারীরা মিলে এই হামলা চালিয়েছে। ঘটনার পরে বাজার থেকে সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলা হয়েছে। প্রকাশ্যে বিএনপির এই হামলা প্রমান করে তারা হীনমন্যতায় ভুগছে। তারা যদি এখনও চাঁদাবাজি এবং মাটিকাটার টাকার জন্য এনসিপির উপরে হামলা করে, তাহলে তাদের সরকারি দল হওয়ার যোগ্যতা হয় নাই। বাংলাদেশের মানুষ চাঁদাবাজ সন্ত্রাসীদের রাজনীতি আর দেখতে চায় না।
তিনি আরও বলেন, জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদের সাথে আমি কথা বলেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা তো নেয়া হবেই। কিন্তু আমরা দেখতে চাই আপনারা এই ধরণের ব্যক্তিদের রাজনৈতিক ভাবে প্রশ্রয় দেন কিনা? সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন কিনা? সরকারি দল সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সেটা আমরা দেখতে চাই।
এমপি বলেন, ধলেশ্বরী নদীতে মাটি উত্তোলন দীর্ঘদিন ধরেই চলছে। এনিয়ে একাধিকবার আমরা প্রশাসনকে অবগত করেছি। এই চক্রের সাথে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জড়িত আছে। নারায়ণগঞ্জের মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। যদি প্রশাসন এই ধরণের অবৈধ মাটিকাটা চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে জনগন নেমে গিয়ে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হলে এর দায় প্রশাসনকে নিতে হবে।
বালু উত্তোলন বন্ধে পুলিশকে এমপির ধমক
হামলার ঘটনায় মঙ্গলবার বিকেলে বক্তাবলীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিক্ষোভে নেতৃত্ব দেন খোদ সংসদ সদস্য নিজেই। কর্মসূচীর এক পর্যায়ে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে কথা বলতে ফোন করেন। তবে ফোনের অপর প্রান্ত থেকে ইনচার্জ জানায় তিনি অভিযানে আছেন। এরপর আল আমিন বলেন, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। মাটি কাঁটা থেকে কমিশন খাবেন আর আমাকে বলবেন অভিযান আছে এই ফাজলামো বাদ দেন। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি মাটি কাঁটা থেকে কমিশন খান। এইটা যদি মিথ্যা হয় তাহলে কালকে থেকে যেন মাটি কাঁটা না হয়। যদি মাটি কাঁটা হয় তাহলে আপনার খবর আছে।’
এছাড়া বিক্ষোভ মিছিল ও পথসভায় এমপি আল আমিন বলেন, ‘আমরা নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের কালো হাত দেখতে চাইনা। সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে রাখবে এই কারনে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দেয় নাই। কেউ যদি মনে করে আগের যুগ আছে, গায়ের জোড়ে রাজনীতি করবে, তাহলে সেই কালো হাত কিভাবে ভেঙ্গে দিতে হয় সেটা ছাত্র জনতা ভালো করেই জানে। বক্তাবলী নৌ পুলিশের ব্যাপারে স্পষ্ট অভিযোগ আছে তারা মাটি কাঁটা থেকে কমিশন পায়। তারা যদি অবৈধ মাটি কাঁটার বিরুদ্ধে অভিযান না চালায় তাহলে আপনাদের প্রতিহত করবে ছাত্র জনতা। অন্যায়কারী, জুলুমবাজ এবং মাটি কাঁটা চক্রের চান্দা খাবেন, এই জন্য জনগনের টাকায় আপনাদের বেতন দেয়া হয় না।’




































আপনার মতামত লিখুন :