News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দর থেকে ফেরার পথে আড়াইহাজারে ছিনতাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৭:০৬ পিএম বিমানবন্দর থেকে ফেরার পথে আড়াইহাজারে ছিনতাই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিমানবন্দর থেকে প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিন ব্যক্তি।

এ সময় তাঁদের কাছ থেকে ২০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে চারটার দিকে রামচন্দ্রদী–উচিতপুরা সড়কের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আল-আমিন ইসলাম শাকিলের ভাষ্য, তিনি মালয়েশিয়াপ্রবাসী মো. শাহ আলমকে আনতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। পরে শাহ আলম, গাড়িচালক শরীফসহ তাঁরা প্রাইভেটকারে করে আড়াইহাজারের দিকে ফিরছিলেন। তাঁদের স‌ঙ্গে থাকা আরও একটি গাড়ি একই পথে চলে যায়। শাকিল জানান, গহরদী এলাকায় সড়কের ওপর মাটি ভরাটের কাজে ব্যবহৃত লোহার পাইপ থাকায় তাঁদের গাড়ির গতি কমে যায়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫–৬ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে গাড়িটির ওপর হামলা চালায়। পরে তাঁরা গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থেকে ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শাহ আলমের গ্রামের বাড়ি খাগকান্দা এলাকায়। আল-আমিন ইসলাম শাকিলের বাড়ি গহরদী এবং গাড়িচালক শরীফের বাড়ি লক্ষ্মীপুরা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।