ফতুল্লা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া বলেছেন, বক্তাবলীতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এনসিপি হলো আওয়ামী লীগের উচ্ছিষ্ট। যে জুবায়েরকে নিয়ে ঘটনা সে জুবায়ের কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট। জুবায়ের শামীম ওসমানের সাথে নৌকা নিয়ে মিছিল করেছে। নৌকা নিয়ে জনসভা করেছে। সকল প্রমাণ মিডিয়াতে আছে।
বক্তাবলী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিলের পর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া বলেন, আওয়ামী লীগের উচ্ছিষ্ট যারা তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে। আমাদেরকে তাদের ষড়যন্ত্রে পা দেয়া যাবে না। আমাদের সংযম প্রদর্শন করতে হবে। আমরা ক্ষমতায়; তারা বিশৃঙ্খলা করতে চাইলে আমাদের ধৈর্য্য ধারণ করে সেটাকে মোকাবেলা করতে হবে। আগামী দিনে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এটাই হবে আমাদের আগামী দিনের প্রত্যাশা।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাতে ফতুল্লা থানাধীন বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম। এনসিপি নেতাদের অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা নিয়ে বক্তব্য রাখায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এ হামলা চালান।
হামলার ঘটনার পর এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফতুল্লা মডেল থানার ভেতরে অবস্থান নেন। থানার সামনে মিছিল করেন এবং বিএনপির লোকজনের বিরুদ্ধে স্লোগানও দেন। রাতে থানায় যান এনসিপি’র স্থানীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) আব্দুল্লাহ আল আমিনও।
পরে রাতেই এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে হালিম আজাদসহ ১৬ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন। তবে, এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন ওসি মাহবুব।
সেদিনের ঘটনার পর ‘আর কোনো কর্মীর উপর হামলা হলে থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার। ফতুল্লা মডেল থানার ভেতরে ওসির কক্ষের সামনে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, “আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। যদি আমার একটা কোনো কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নিবো। আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত পড়ে আরেকবার, থানার ইটকল পর্যন্ত খুলে নেবো।”

































আপনার মতামত লিখুন :