News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ বছর পর শীতলক্ষ্যার বুকে নৌকাবাইচ, কাঞ্চনে উৎসবের অপেক্ষা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৮:০৩ পিএম দীর্ঘ বছর পর শীতলক্ষ্যার বুকে নৌকাবাইচ, কাঞ্চনে উৎসবের অপেক্ষা

দীর্ঘ দেড় দশকেরও বেশী সময় পর নারায়ণগঞ্জের কাঞ্চনে শীতলক্ষ্যা নদীর বুকে ফিরছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় কাঞ্চন ব্রিজসংলগ্ন নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন। স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগ ও স্থানীয় আয়োজকদের ব্যবস্থাপনায় নৌকাবাইচ ঘিরে তৈরি হচ্ছে উৎসবের আবহ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর‌্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

দীর্ঘ বছর পর নৌকাবাইচের আয়োজনকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে কাঞ্চন ও শীতলক্ষ্যা নদী।

স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে এ আয়োজনের মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও মিলনমেলার পরিবেশ সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

নৌকাবাইচের সৌন্দর্য শুধু নৌকার গতিতে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দলগত সমন্বয়, মাঝিদের শারীরিক সক্ষমতা ও ছন্দের এক অনন্য সমন্বয়। প্রতিটি বৈঠার টানে যখন নৌকা এগিয়ে যায়, তখন প্রতিযোগিতার উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যেও। নদীর দুই তীরজুড়ে মানুষের উচ্ছ্বাস আর মাঝিদের সম্মিলিত সুর মিলিয়ে তৈরি হয় বাংলার নিজস্ব এক উৎসব।