News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিতর্কে বক্তাবলী বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৮:০৮ পিএম বিতর্কে বক্তাবলী বিএনপি

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপি একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দলকে বিতর্কিত করে তুলেছে। কিন্তু বিস্ময়করভাবে এসব ঘটনায় দলীয় ব্যবস্থা নেয়া তো দূরের কথা দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়নি। অর্থ্যাৎ এসব বিতর্ক একেবারেই মাথায় নিচ্ছে না দলটি। ফলাফল, সাধারণ মানুষের সমর্থন হারাচ্ছে স্থানীয় নির্বাচনে লড়াই করতে আগ্রহী বিএনপিপন্থী প্রার্থীরা।

বক্তাবলী ইউনিয়নে বিএনপি নেতাদের বিতর্কিত যাত্রা শুরু হয় গত সোমবার। এনসিপি জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় বাসিন্দা তাওহীদুল ইসলামের উপর হামলার মধ্য দিয়ে মাটি কাঁটা চক্রের পক্ষে সরাসরি অবস্থান নেয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ। সেই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা স্পষ্ট ধারনা পায় কোন পক্ষ মাটি কাঁটা চক্রের সাথে যুক্ত এবং কারা এর সাথে যুক্ত নয়। এর আগে, মাটি কাঁটা নিয়ে বাসিন্দাদের মধ্যে অসন্তোষ থাকলেও এই চক্রের সাথে যুক্ত সদস্যরা প্রচার করে বেড়াতো যে, এই মাটি থেকে বিএনপি, জামায়াত, এনসিপি, পুলিশ, প্রশাসন, পরিবেশ অধিদপ্তর সবাই টাকা পায়। কিন্তু এনসিপি এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিজেদের মাটি কাঁটার বিরুদ্ধে পরিস্কার অবস্থান জানিয়েছে।

শুধু তাই নয়, হামলার ঘটনায় দল বিতর্কিত হবার পর আরেক বিতর্কিত কাজে জড়িয়েছেন ইউনিয়ন বিএনপির নেতারা। বুধবার বক্তাবলীর সিপাইপাড়াতে একটি ক্লাব উদ্বোধনের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠকের আয়োজন করে বিএনপির নেতারা। মূলত মাটিকাটা হয়ে থাকে এই সিপাইপাড়া এলাকার কাছেই। দিনের আলোতে গ্রাব মেশিনগুলো সিপাইপাড়া খালের ভেতর লুকিয়ে রাখা হয়।

বৈঠকের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। পরিস্থিতি বেগতিক দেখে বাড়ির নারীদের সামনে ঠেলে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে নিয়ে আসে।

জানা গেছে, মাটি কাঁটা নিয়ে এনসিপি এমপির কঠোর অবস্থানের কারণে পুলিশও শক্ত অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান শক্ত করতে আওয়ামী লীগের সাথে সমঝোতা করার জন্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু পুলিশের অভিযান এবং গণমাধ্যমে তথ্য প্রকাশ হওয়ায় আরও একদফা সমালোচনার শিকার হয় বক্তাবলী বিএনপি। সেই সাথে তাদের এই অপকর্মের কারনে পুরো দলের ইমেজ নানান ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

সংবাদটি জামায়াত, এনসিপির নেতাকর্মীরা প্রকাশ করে ব্যাপক সমালোচনা করেছেন। প্রবাসী এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এইটি তার ফেইসবুকে প্রকাশ করে বিএনপির সমালোচনা করেন। যা দেখে ক্ষুব্ধ হয়েছে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। তারা বলছেন, তিল তিল করে পরিশ্রম করে বিএনপিকে এই পর্যায়ে নিয়ে এসেছে ত্যাগী নেতাকর্মীরা। আওয়ামী লীগের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাদের হটানো হয়েছে।

আজকে সেই আওয়ামী লীগের সাথে বৈঠক করতে যায় কতিপয় লোভী বিএনপি নেতা। আবার এই ঘটনায় বিতর্কিত নেতাদের বহিস্কার তো দূরের কথা শোকজও করা হয়নি। ফলে এই ধরনের বিতর্কিত কাজ তারা আরও চালিয়ে যাবে। যা দলকে ক্ষতিগ্রস্থ করবে এবং আমাদের মান সম্মানের উপর আঘাত হানবে।