News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বাস ভাড়া নিয়ে ৪ ঘণ্টায় সভায় হট্টগোল, দুই পক্ষ অনড়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:০৩ পিএম বাস ভাড়া নিয়ে ৪ ঘণ্টায় সভায় হট্টগোল, দুই পক্ষ অনড়

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব ও বন্ধন পরিবহনের ভাড়া সমন্বয় নিয়ে সভায় মালিক পক্ষ ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর)  বিকেল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা বৈঠকে কোন সমাধান হয়নি। মালিক পক্ষ বলছে তারা ৬০ টাকা ভাড়া আদায় করবে। আর শিক্ষার্থীদের দাবী ছিল ৫৫ টাকা ভাড়া। বাস মালিকরা সিদ্ধান্ত না নিয়ে সভাস্থল ত্যাগ করেন।

জেলা গণসংহতির আহ্বায়ক তরিকুল সুজন বলেন, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া রাখার জন্য। এর বেশি ভাড়া আমরা কোনোভাবেই মানবো না।

উৎসব পরিবহনের পরিচালক রতন দাস বলেন, সাধারণ যাত্রীদের জন্য ৬০ টাকা করে এবং শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা করে ভাড়া নেয়া হবে। সরকারের নির্ধারিত ভাড়া অনুযায়ী প্রত্যেক যাত্রী প্রতি ৬২ টাকা করে ভাড়া আসে। সেখান থেকে আমরা ২ টাকা কমিয়ে ৬০ টাকা ভাড়া নিচ্ছি। সেই সাথে শিক্ষার্থীদের বেলায় ৩৫ টাকা ভাড়া নেয়া হবে। এর কমে ভাড়া নেয়ার সুযোগ নেই।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, দীর্ঘ সময় নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া নিয়ে মিটিং হয়েছে। মিটিং শেষে ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া রাখার। এতে তারা একমত হয়েছেন। তখন পরিবহন মালিকরা না থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। তবে আলোচনা চলমান রয়েছে। আশা করি বাস মালিকরাও এই বিষয়টি মেনে নিবেন।

প্রসঙ্গত, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫৫ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। সে হিসেবে তারা এখন থেকে যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা করে ভাড়া আদায় করছেন। একই সাথে শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা করে আদায় করছেন।