দীর্ঘ ৩ বছর ধরে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন যুবক মাসুদ রানা। ধার দেনা করে আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে আসলেও এখন অর্থের অভাবে বন্ধ কেমোথেরাপি। বন্ধ হয়ে গেছে ৩ সন্তানের লেখাপড়াও। ৩ সন্তানের জন্য পরিবারের হাল ধরতে বাঁচতে চান মাসুদ রানা। তবে চিকিৎসার টাকা জোগাড় তো দূরের কথা, বর্তমানে খেয়ে পড়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে অসহায় পরিবারটির। সরকার ও বিত্তবানরা এগিয়ে আসলে বেচে যেতে পারে মাসুদ ও তার পরিবার।
জানা গেছে, তিন বছর আগেও সুস্থ সবল ছিলেন নারায়ণগঞ্জের বন্দর থানাধীন দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকার বাসিন্দা মিশুক (অটোরিকশা) চালক মাসুদ রানা। স্ত্রী সাজেদা বেগম, ২ ছেলে শাহরিয়ার ও সাব্বির এবং ১ মেয়ে মুশকানকে নিয়ে ছিল সুখের সংসার। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তার স্বাভাবিক জীবন থমকে গেছে। ৩ বছর আগে ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর নিজের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে উপার্জনের একমাত্র মাধ্যম মিশুক বিক্রি করে দিয়েছেন। বন্ধ হয়ে গেছে সন্তানদের লেখাপড়া।
ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশীদের সহযোগিতায় ইতোমধ্যে ১০ লাখ টাকার উপরে খরচ করেছেন। ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা করাতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছেন। মাসুদ রানার সুস্থ হতে কমপক্ষে আরো ২টি কেমোথেরাপি দিতে হবে। যার জন্য লাগবে কমপক্ষে ৬ লাখ টাকা। তবে অর্থের অভাবে বন্ধ কেমোথেরাপি।
মাসুদের স্বজন ও প্রতিবেশীরা বলছেন, ৩ বছর ধরে আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশীরা সহযোগিতা করে আসছেন। কিন্তু আরো অনেক অর্থের প্রয়োজন। সরকার ও বিত্তবানরা এগিয়ে আসলে মাসুদের কেমোথেরাপি সম্পন্ন করা সম্ভব হবে।
মাসুদের স্ত্রী সাজেদা বেগম জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে নিয়মিত কেমোথেরাপী দিতে হচ্ছে। ডাক্তার জানিয়েছেন, অতি দ্রুত তাকে আরও ২টি থেরাপি দিতে হবে। যার জন্য প্রয়োজন প্রায় ৬ লাখ টাকা। কিন্তু বর্তমানে এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করা অসহায় তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সমাজের বিত্তবানদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান।
মাসুদ রানা জানান, একদিকে নিজের চিকিৎসার খরচ, অন্যদিকে ৩ সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালানোত্মসব মিলিয়ে তারা আজ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন। চিকিৎসার টাকা জোগাড় তো দূরের কথা, বর্তমানে সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। সরকার খরচ জোগাড় করাই তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তার ২ টি কেমোথেরাপির জন্য আরো ৬ লাখ টাকা লাগবে।
নিজের সন্তানদের মুখে হাসির ফুটাতে এবং পৃথিবীর বুকে বেঁচে থাকার আকুতি নিয়ে সমাজের বিত্তবান, প্রবাসী ভাই-বোন এবং সকল সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন মাসুদ রানা।
বিত্তবানদের সামান্য একটু সহযোগিতাই পারে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানাদের মতো মানুষদের সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
নাম: মোঃ মাসুদ রানা
বিকাশ: ০১৯৬১০৩২৪২৮
ব্যাংক অ্যাকাউন্ট: মোঃ মাসুদ রানা
সোনালী ব্যাংক পিএলসি
শাখা: বন্দর শাখা, নারায়ণগঞ্জ।
অ্যাকাউন্ট নম্বর: ৩৬২১০০১০০৬৭৩৬১








































আপনার মতামত লিখুন :