News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শ্রমিকদের উস্কানিদাতাদের খোঁজা হচ্ছে : এমপি আজাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৮:১০ পিএম শ্রমিকদের উস্কানিদাতাদের খোঁজা হচ্ছে : এমপি আজাদ

‘গত দুই দিন শ্রমিক আন্দোলনে পিছনে ইন্ধনদাতা রয়েছে। তারা কারা এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। তাদের দ্রুত খুঁজে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে এসপি সাহেব ডিসি সাহেব সহ আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি। এখানে কেউ কেউ সাবোটাজ করার চেষ্টা করছে।’ বলেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

মঙ্গলবার ৩নভেম্বর দুপুর দেড়টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শিবু মার্কেট এলাকায় সরেজমিনে পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে আজাদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারাই দেশের পরিস্থিতি নারায়ণগঞ্জের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করবে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ। আবার তিনি বলেছেন করবো কাজ গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ। তিনি সকলকে নিয়ে কাজ করতে চান।

আজাদ শ্রমিকদের অধিকার নিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের সবসময় গুরুত্ব দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় কাঁচপুরে শ্রমিক সমাবেশ করতেন। তিনি সবসময় শ্রমিকদের গুরুত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রমিকদের নিয়ে কাজ করেছেন। অনেক বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মজুরি ৪০ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত আছে। আমিও গার্মেন্ট ব্যবসায়ী, শ্রমিকদের মধ্যে কে কতটা দক্ষ তার উপরে বেতন সর্বোচ্চ কত হওয়া যায় সেটার জন্য মালিকেরা কার্পণ্য করে না। শ্রমিক ও মালিকদের সমন্বয়েই এটা সম্ভব। শ্রমিকদের বিষয়ে আমাদের অবহেলা নেই। শ্রমিকেরা ভাল থাকবে এটা আমরা চাই। ইতোমধ্যে মজুরি কমিশন গঠন করা হয়েছে। তারপরেও এখানে কারা ইন্ধন দিচ্ছে। আমরা সকলে মিলে নারায়ণগঞ্জকে সাজালেই নারায়ণগঞ্জটা সুন্দর হবে।