News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ফতুল্লার শিল্পাঞ্চল : সকালে শান্ত, বিকেলে উত্তাপ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৮:৩৫ পিএম ফতুল্লার শিল্পাঞ্চল : সকালে শান্ত, বিকেলে উত্তাপ

মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, কাঠেরপুল শিবুমার্কেট শিল্পাঞ্চল এলাকায় শ্রমিকরা স্বাভাবিক দিনের মতোই কর্মস্থলে প্রবেশ করেন।

দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন স্থানে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব সহ বিএনপি নেতাকর্মীরা।

এছাড়াও বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর ছিল। এসআরবি, বিজিবিসহ পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপ‚র্ণ পয়েন্টগুলোতে পুলিশের অবস্থান চোখে পড়ার মতো।

তবে দুপুর আড়াইটা থেকে ফতুল্লার কাঠেরপুল শিবুমার্কেট শিল্পাঞ্চলের শ্রমিকরা বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবরোধ করার চেষ্টা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এসময় বেশ কিছু শ্রমিক প্রশাসন ও বিএনপি নেতাদের উপেক্ষা করে বিকেল ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে।

এসময় শ্রমিকরা শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিকেল সোয়া ৪টার দিকে শ্রমিকরা বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশ ও বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষে সংঘর্ষ বেধে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও এপিসির পাশাপাশি শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুঁড়েছে। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শিবু মার্কেট এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।