গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় পর্বের খেলায় দাপুটে জয় পেয়েছে নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত ম্যাচে তারা খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২-০ গোলে পরাজিত করেছে।
সংগঠিত ফুটবল, মাঝমাঠের নিয়ন্ত্রণ ও ধারাবাহিক আক্রমণে পুরো ম্যাচেই আধিপত্য দেখায় শুকতারা।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে ছন্দময় ফুটবল খেলতে থাকে শুকতারা। মাঝমাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। বেশ কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের ঘাটতিতে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি পাল্টা আক্রমণের চেষ্টা করলেও তা ছিল বিচ্ছিন্ন ও অকার্যকর। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় শুকতারা। উইংভিত্তিক দ্রুতগতির আক্রমণে খেলাঘরের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে দলটি। এর ফলও আসে দ্রুত। ম্যাচের ৬৫ মিনিটে উইঙ্গার আল আমিনের গোলে এগিয়ে যায় শুকতারা। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা বাড়ায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, তবে তাতে তাদের রক্ষণ আরও নড়বড়ে হয়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৫ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন স্ট্রাইকার আতিকুল।
দুই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালালেও শুকতারার সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি খেলাঘর। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা অতিরিক্ত সময়েও গোলের দেখা না পেয়ে হতাশ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শুকতারা যুব সংসদ।
এই জয়ে লিগের দ্বিতীয় পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে নারায়ণগঞ্জের দলটি।
শুকতারা যুব সংসদের দলনেতা ছিলেন মোহাম্মদ ফয়সাল এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতির দলনেতা ছিলেন ফজলে রাব্বী।
ম্যাচটি পরিচালনা করেন রেফারি সুমন বিশ্বাস। সহকারী রেফারি ছিলেন মাহমুদ হাসান ও সুমন দে। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন রিমন মাহমুদ এবং ম্যাচ কমিশনার ছিলেন দ্বিন মোহাম্মদ।









































আপনার মতামত লিখুন :