News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

বাবার পরকিয়ায় বাধা ছেলেকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৮:৪২ পিএম বাবার পরকিয়ায় বাধা ছেলেকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে ১১ বছরের শিশু আরাফাত হোসেন হত্যায় মো. রিপন (৩২) নামের যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রিপন বন্দর উপজেলার লাউসার এলাকার মো. ইসলামের ছেলে। তবে রায় ঘোষণার সময়ে আসামি অনুপস্থিতি ছিলেন।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাতে শিশু আরাফাত হোসেনকে প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। পরে গলাটিপে হত্যা করে মসজিদের পুকুরে লাশ ফেলে দিয়ে রিপন নিজেই পরিবারের সঙ্গে আরাফাতকে খোঁজাখুঁজি করে। তিন দিন পর ১৮ ডিসেম্বর আরাফাতের লাশ ভেসে ওঠে।

এ ঘটনায় মো. রিপনকে গ্রেপ্তার করা হয়েছিল। সে আদালতে দেয়া জবানবন্দিতে তখন বলেছিল, ছিনতাইয়ের ঘটনায় আরাফাতের কলেজপড়ুয়া বড় ভাই সাক্ষী দিয়েছিল। সেই সাথে তার বাবা প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় বাধা দেন। 

এই ক্ষোভ থেকেই খুন করা হয় বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আরাফাতকে। আদালত সেই মামলার বিচার কার্যক্রম শেষে মো. রিপনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বলে জানান তিনি।