নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে কলেজের নারী প্রভাষক ছিনতাইয়ের শিকার হয়েছেন। মটরসাইকেলে করে আসা তিন সশস্ত্র ছিনতাইকারী সোনার চেইন, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
রোববার সকাল সাড়ে ছয়টায় ওই ছিনতাইয়ের শিকার ফারজানা আফরোজ নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক।
তিনি জানান, সকাল সাড়ে ৬টায় তিনি ছেলেকে শহরের অক্টো অফিস এলাকার মাদ্রাসায় পৌঁছে দিয়ে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পূর্ব ইসদাইর পৌঁছালে মোটর সাইকেলে আসা তিন ছিনতাইকারী তাঁর রিকশার গতি রোধ করে। এরপর মোটর সাইকেলে থেকে নেমে দুই ছিনতাইকারী চাপাতি গলায় ঠেকিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা একটি মুঠোফোন, একটি পার্স এবং দেড় ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আরাফাত হোসেন বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্নান জানান, ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

































আপনার মতামত লিখুন :