News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিলো এনসিপি নেতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৮:৩৭ পিএম মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিলো এনসিপি নেতা

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় হাতেনাতে তিন মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা। সোমবার দিবাগত রাতে ৫ নং ওয়ার্ডের নূরবাগ এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদের নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশে দেয়া হয়।

আটককৃতরা হলো রবিউস সানীয়, সাল্লু ও মোস্তফার ছেলে। পরে তাদেরকে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেই সাথে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিচারের মুখোমুখি করার জন্য অনুরোধ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ বলেন, কুতুবপুরের ৫ নং ওয়ার্ড এলাকায় অনেকদিন ধরে কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করে আসছিলো। তাই আমরা এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার লক্ষ্যে এলাকাবাসী সাথে নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামি।

তিনি আরও বলেন, এসময় তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরা হয়। সেই সাথে পুলিশকে সংবাদ দেয়া হয়। তারা ঘটনাস্থলে আসলে আইনি কার্যক্রম শেষে তাদের হতে সোপর্দ করা হয়। পুলিশ প্রশাসনের অনুরোধ জানাচ্ছি তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যেন অভিযান পরিচালনা করা হয়।