নারায়ণগঞ্জের আলোচিত আল জয়নালের ভূমিদস্যুতা থেকে যেন চাষাঢ়া এলাকার বাক প্রতিবন্ধী মো. ওমর ফারুক ও তার পরিবারের সদস্যদের যেন রেহাই মিলবে না। কয়েকদিন পরপরই তার বাড়ি ঘরে আল জয়নালের লোকজন গিয়ে হামলা করছে। তাকে বাড়ি ঘর ছেড়ে দেয়ার হুমকি ধমকি দেয়া হচ্ছে। এ নিয়ে মো. ওমর ফারুক ও তার পরিবারের সদস্যরা বারবার প্রশাসনিক বিভিন্ন দপ্তরে গিয়ে হাজির হচ্ছেন।
কিন্তু এখন পর্যন্ত মো. ওমর ফারুক ও তার পরিবারের সদস্যরা স্থায়ী কোনো প্রতিকার পাচ্ছে না। আদালতে মামলা চলমান থাকা সত্বেও আল জয়নালের লোকজনের দ্বারা বারবার হামলা হুমকি ধমকির শিকার হচ্ছেন বাক প্রতিবন্ধী মো. ওমর ফারুক ও তার পরিবারের সদস্যরা। সবশেষ এ নিয়ে নারায়ণগঞ্জ সদর থানা, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পুলিশ সুপারের বরাবর অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বিবাদী করা হয়েছে- আল-জয়নাল (৫৫) কবির (২০), মতিন (৩০), আবু সাইদ (২৫), সেলিম (৩৫), খোকন (২০), ফারুক (২০), কামাল (৩৫) ও সার্বেয়ার মনির মৃধা (২০)।
অভিযোগে বাক প্রতিবন্ধী মো. ওমর ফারুকের পক্ষে নাজমা বেগম উল্লেখ করেন, আল জয়নালের সাথে দীর্ঘ দিন যাবৎ আমার জমি সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ চলিয়া আসছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। তারপরও আল জয়নাল আমার সম্পত্তি জোড়পূর্বক দখলের পায়তারায় লিপ্ত হয়ে আমাদের উপর জোড় জুলুম করে আসছে। আল জয়নালের ক্যাডার বাহিনী দীর্ঘদিন যাবৎ আমাদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করে আসছে। আমার সীমানা ঘেষে তার অবৈধ ঝুকিপূর্ণ নির্মাণ কাজ পরিচালনার কারনে বর্তমানে আমার বসত বাড়িটি সম্পূর্ণ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিবাদীর অবৈধ ঝুকিপূর্ণ নির্মাণ কাজের ও মাটি খুড়ার ফলে আমার সীমানার মাটি পড়ে বর্তমানে আমার বসত ঘরটিও ভেঙ্গে পড়ার আশঙ্কায় আছি।
গত ১২ ফেব্রুয়ারি বিবাদীগণ অবৈধ ভাবে আমার বাড়ির পশ্চিম পাশের সিমানা দেয়াল ভেঙ্গে ফেলে। উক্ত বিষয়ে বাধা দিতে গেলে বিবাদীগণ আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে। তারই ধারাবাহিকতায় গত ২৭ মার্চ বিকেলে বিবাদীগণ মিলিত হইয়া আমার বাড়িতে এসে আমাকে হুমকি প্রদান করে যে, পরবর্তী ১ দিনের মধ্যে আমরা উক্ত বাড়ি না ছাড়লে আমাকে সহ পরিবারের সকলকে গলা কেটে হত্যা করা সহ বাড়ি ভেঙ্গে ফেলবে।
বাকপ্রতিবন্ধী ওমর ফারুকের ছোট মেয়ে ঝুমুর জানান, নগরীর চাষাঢ়ায় সরকারি মহিলা কলেজের পেছনে রেললাইনের পাশে পৈত্রিক সূত্রে পাওয়া পৌনে ছয় শতাংশ জমির উপর বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন তারা। তাদের বাড়ির তিন পাশে জায়গা কিনে এখন বসতবাড়িটি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন জয়নাল আবেদীন।
ঝুমুর বলেন, সন্ত্রাসীরা আগে হাত-পা বেঁধে আমার মাকে তুলে নিয়ে জয়নালের পায়ের উপর ফেলে বলে ‘পা ধরে মাফ চা, দয়া ভিক্ষা চা, বাড়ি ভিক্ষা চা। নয়তো বাড়ি ছেড়ে চলে যা। না গেলে তোদের গুষ্টিশুদ্ধ মেরে ফেলব’।
ওমর ফারুকের স্ত্রী নাজমা বেগম বলেন, আমাদের বাড়ি দখলের জন্য জয়নাল অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে। সে আমাদের বাড়ি জবরদখল করে নিতে চায়। এ নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছি না। কয়েকদিন পরপরই আমাদের বাড়ি ঘরে এসে হামলা করে। আমার পরিবারের সদস্যদের মারধর করে।
জয়নাল আবেদীন ওরফে আল জয়নালের বিরুদ্ধে চাষাঢ়ায় রাজউকের অনুমোদন ছাড়া আল জয়নাল ট্রেড সেন্টার নামে বানিজ্যিক ভবন নির্মাণ এবং রেলওয়ের জমি দখলের অভিযোগেও মামলা চলমান রয়েছে। জমি সংক্রান্ত বিষয়ে একাধিক মামলায় তিনি বেশ কয়েকবার জেলও খেটেছেন। এছাড়া গত বছর সদর থানায় গিয়ে পুলিশ সদস্যকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদের শিরোনাম হন এই জয়নাল আবেদীন ওরফে আল জয়নাল।
































আপনার মতামত লিখুন :