News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

আওয়ামী লীগে গডফাদার, বিএনপিতে গান্ধী পোকা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১০:১৫ পিএম আওয়ামী লীগে গডফাদার, বিএনপিতে গান্ধী পোকা

নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন এক উপাধি যুক্ত হয়েছে ‘গান্ধী পোকা’। শহরের দীর্ঘদিনের হকার সমস্যা ঘিরে এই শব্দচয়ন এখন আলোচনার কেন্দ্রে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ সম্প্রতি এক সভায় এই মন্তব্য করে বিষয়টিকে আরও আলোচিত করে তুলেছেন।

গত শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে হকার ও যানজট সমস্যা নিরসনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অতীতে শামীম ওসমান গডফাদার হিসেবে হকারদের শেল্টার দিয়েছেন। তবে বর্তমানে সেই গডফাদার না থাকলেও, প্রশাসকের সংশ্লিষ্ট দলে (বিএনপি) ‘গান্ধী পোকা’ রয়ে গেছে। তার ভাষায়, এই পোকা যেখানে বসে, সেখানেই ঘা তৈরি করে।

তিনি আরও বলেন, এসব গান্ধী পোকা নির্মূলে কঠোর ব্যবস্থা প্রয়োজন।

এমনকি ব্যাঙ্গাত্মকভাবে এরোসল বা হিট জাতীয় পোকানাশক ব্যবহারের কথাও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি প্রশাসনিক কঠোরতার আহ্বান জানান। তাঁর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

তিনি জানান, সম্প্রতি খাল উদ্ধার অভিযানে গিয়ে তিনি এমন গান্ধী পোকাদের ফোন পেয়েছিলেন। তার কঠোর অবস্থানের কারণে তারা কোনো সুবিধা করতে পারেনি।

সাখাওয়াত হোসেন খান বলেন, এসব প্রভাব খাটানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দলের শীর্ষ পর্যায়েও বিষয়টি জানানো হবে। যেকোন মূল্যে নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ করা হবে। শহরের বিবি রোড হকার মুক্ত এবং যানজট মুক্ত করতে সবধরনের পদক্ষেপ তিনি নিবেন।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘নারায়ণগঞ্জের ফুটপাতের হকার্সদের থেকে টাকা খাওয়ার পূর্বেই যেন আল্লাহ আমার মৃত্যু দেয়। তাছাড়া ১/১১ সময়‌ ইমারজেন্সি চাওয়া ও মাইনাস টু ফর্মুলার কৌশলী বহুরূপী মোহাম্মদ আলীর ও নারায়ণগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগ ওসমান পরিবারের গডফাদারদের বিরুদ্ধে কথা বললে বা লিখলে গাত্রদাহ হয় কার, কার? নারায়ণগঞ্জের কোন, কোন ব্যক্তির এবং তাদের বেতনভুক্ত কর্মচারী কে কে নাম বলেন?

নারায়ণগঞ্জের রাজনীতিতে উপাধি দেয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে গডফাদার শব্দটির বিপরীতে ‘গান্ধী পোকা’ উপাধির ব্যবহার রাজনৈতিক অঙ্গনে হাস্যরসের জন্ম দিয়েছে। তেমনি তৈরি করেছে নতুন বিতর্কও। যদিও কারও নাম সরাসরি উল্লেখ করা হয়নি এই উপাধির ক্ষেত্রে। কিন্তু মহানগর বিএনপির অনেক নেতাই ইঙ্গিতটি বুঝে নিয়েছেন কাকে করা হয়েছে এই মন্তব্যটি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের উপহাসমূলক মন্তব্য দলীয় অভ্যন্তরীণ চাপের ইঙ্গিত দেয়। একইসঙ্গে তারা মনে করছেন, এমন মন্তব্যের পর অন্তত হকারদের অবৈধ শেল্টার দেওয়ার প্রবণতা কমতে পারে। সেই সাথে হকারদের আধিপত্য ও দাপট কমে আসতে পারে। সিটি করপোরেশনের প্রশাসক যেই উদ্যোগ নিচ্ছেন হকার সমস্যা সমাধানে, তাতে সহযোগীতা আসতে পারে এমন মন্তব্য ও কঠোর বার্তার কারনে। দিনশেষে যেকোন মূল্যে শহরের হকার সমস্যা সমাধান হোক এমনটাই চাচ্ছেন সবাই।

উল্লেখ্য, ২০১৮ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হকার উচ্ছেদে নামলে শামীম ওসমান ও তার অনুসারীদের সাথে সংঘর্ষ বাধে। এসময় গুলি বর্ষণের ঘটনাও ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান আইভী। আহত হন মারাত্বক ভাবে। সেই থেকেই এই শহরের মানুষ বুঝে নেয় শামীম ওসমান এই শহরের হকার সমস্যার প্রধান ব্যক্তি। যার নির্দেশেই শহর হকাররা জিম্মি করে রেখেছেন। অন্যদিকে আইভী নানান ভাবে চেষ্টা করলেও সমাধান করতে পারেননি। ৫ আগস্টের পর শহরের মানুষ হকারদের জিম্মি দশা থেকে বাচার আকুতি জানালেও বিএনপির নামধারী কিছু ব্যক্তিদের কারনে তা সম্ভব হয়ে উঠেনি।