নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকসহ আটক ৪ কারবারীকে ৩৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বুধবার রাতে উপজেলার চালাকচর এলাকায় পরিচালিত অভিযানে ৪ জনকে মাদকসহ আটক করা হয়।
আটককৃতরা হলো মানিকপুর গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০), কাদির মিয়ার ছেলে কালাম (২৮), আব্দুর রহিমের ছেলে সুন্দর আলী (২৫) ও শামসুল হকের ছেলে শরীফ মিয়া (১৮) ।
বৃহস্পতিবার সকালে আটককৃতদের ৩৪ ধারায় আদালতে পাঠানো হলে তারা মুচলেকা দিয়ে জামিনে মুক্ত হন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, মাদক আছে এমন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তবে আটকের পরে তাদের কাছে কিছু পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল আগেও। আসামিদের পুরোনো রেকর্ড অনুযায়ী তাদের ৩৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আড়াইহাজার থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় কিছু মাদক পাওয়া গেছে তাদের কাছে।
মাদক সেবনের সময় মাদকসহ গ্রেফতারের পরেও কেন তাদের ৩৪ ধারায় আদালতে পাঠানো হলো-এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি এএসআই।
স্থানীয়রা জানান, ৪ মাদক কারবারীকে আটকের পর সোহরাব হোসেন নামে এক সাবেক ইউপি সদস্য এএসআই মেহেদীর সঙ্গে আপোষরফা করেন যেন তাদের মাদকের মামলা না দিয়ে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। ফলে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা না হয়ে সাধারণ ৩৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে এলাকাবাসীর দাবি, আটককৃতরা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, আটক চারজনকে ৩৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।




































আপনার মতামত লিখুন :