নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শেষে আদালত চত্বরে বিভিন্ন আইনগত সেবা প্রদানকারী স্টলের উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী নেতারা অংশ নেন।
স্টলের উদ্বোধন ও আলোচনা সভার সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান আবু শামীম আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কেএম মহিউদ্দিন, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান, জেলা পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ সংশ্লিষ্টরা।
সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ বক্তব্যে বলেন, যাদের অর্থাভাবে আইনগত সহায়তা নিতে কষ্ট হয় তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড নিয়ে প্রস্তুত আছে। লিগ্যাল এইড কারও প্রতি কোন অনুগ্রহ নয় বরং আইনের আশ্রয় নেওয়া তাদের সাংবিধানিক অধিকার।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, তবে সকল নাগরিককে সমান করতে চাইলে অন্তত আদালতের দরজা পর্যন্ত পৌঁছার অধিকার দেওয়া দরকার।








































আপনার মতামত লিখুন :