সিদ্ধিরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে লামিয়া ইসলাম জান্নাত (১০) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামিয়া ময়মনসিংহের চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা গোদনাইল এলাকার চৌধুরীবাড়ি সংলগ্ন পূর্ব এনায়েতনগরে মমতাজ বেগমের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় ও নিহত শিশুর পরিবারের ভাষ্য পাশের একটি টিনশেড বাড়িতে বৈদ্যুতিক ত্রুটির কারণে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে ছিল। ঘটনার সময় নিহত শিশু খেলাধুলার সময়ে ঘরের পেছনের একটি জানালায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, বাড়ির মালিকের অবহেলার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ঘটনার পর বাড়ির মালিক আমিনুল ঘটনাস্থল ত্যাগ করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনাটি আমাকে কয়েকজন ফোনে জানিয়েছে। তবে ভিকটিমের পরিবারের কেউ লিখিত অভিযোগ কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



































আপনার মতামত লিখুন :