News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

যানজট নিরসনে প্রতিবন্ধকতা ও প্রস্তাব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৯:২৮ পিএম যানজট নিরসনে প্রতিবন্ধকতা ও প্রস্তাব

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধাকে নিয়মিত দেখা যায় সড়কে। বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল ফুটপাত দখলমুক্ত করা। সিটি কর্পোরেশনের সাম্প্রতিক উচ্ছেদ অভিযানকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু মুদ্রার উল্টো পিঠ অত্যন্ত ভয়াবহ। ফুটপাত উদ্ধারের খুশিতে যখন আমরা একটু স্বস্তির নিশ্বাস নিতে চেয়েছিলাম, তখনই তীব্র যানজট আমাদের জীবনকে নরক বানিয়ে তুলছে।

কেন এই যানজট কাটছে না?

যানজট নিরসনে নিযুক্ত সিটি কর্পোরেশন এর ট্রাফিক এক্সিকিউটিভদের একটা অংশকে দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ফলে মূল পয়েন্ট বা চেকপোস্টগুলোতে ট্রাফিক এক্সিকিউটিভ সংকট দেখা দিচ্ছে। এই সুযোগে শহরের প্রবেশমুখ দিয়ে অবাধে ঢুকছে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটো ও মিশুক।

সমন্বয়ের চরম অভাব: একদিকে উচ্ছেদ চলছে, অন্যদিকে প্রধান সড়কে অবৈধ যানবাহনের মেলা বসছে। সিটি কর্পোরেশন ও প্রশাসনের এই পরিকল্পনার ঘাটতির মাশুল গুনছে সাধারণ মানুষ।

তীব্র জ্যামে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে শিক্ষার্থী, কর্মজীবী এবং সাধারণ পথচারীরা। ধুলোবালি আর শব্দদূষণে নাভিশ্বাস উঠছে জনজীবনে। মানুষের অমূল্য সময়গুলো নষ্ট হচ্ছে স্রেফ অব্যবস্থাপনার কারণে।

নারায়ণগঞ্জবাসীর দাবি উচ্ছেদ অভিযানের জন্য ট্রাফিক এক্সিকিউটিভ নয়, সিটি কর্পোরেশনের উচ্ছেদ কর্মীরাই এই কাজে থাকবে । ট্রাফিকিং এ দায়িত্বরতদের কেবল যানজট নিরসনেই কাজে লাগানো হোক।

শহরের প্রবেশপথগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করে ব্যাটারিচালিত অবৈধ অটো-মিশুকের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে হবে।

আমরা ফুটপাত দখলমুক্ত সুন্দর শহর চাই, কিন্তু সেই সাথে সচল রাস্তাও চাই। প্রশাসন ও সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ, জনভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন।