News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

১৫ জনের ফাঁসি ১১ জনের যাবজ্জীবন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৪:১৯ পিএম ১৫ জনের ফাঁসি ১১ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জবাসীর ললাটে কলঙ্ক এটে দেয়া আলোচিত সাত খুনের নৃশংসতা শুধু নারায়ণগঞ্জবাসীকেই নয় পুরো বিশ্ববাসীকেও নাড়া দিলেও ১২ বছরে এর রায় কার্যকর হয়নি| নিম্ন আদালতের পরে হাইকোর্টেও দ্রুত রায় ঘোষণা করা হলেও আপিল বিভাগে রায়টি নিস্পত্তি হতে ধীরগতির অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা| বর্তমান বিএনপি সরকার দ্রুত এ রায় কার্যকর করবে এমনটাই প্রত্যাশা নিহত পরিবারগুলোর|

বছরের পর বছর, বিচারক আর সরকার প্রধান পরিবর্তন হলেও বিচারের অগ্রগতি না পেয়ে আশাহত হয়ে যাচ্ছেন নিহতদের স্বজনরা| পাশাপাশি লোকমুখে প্রধান আসামি নূর হোসেনের জামিনে মুক্তি পাবার কথা শুনে আতঙ্কিতভাবে জীবনযাপন করছেন বলে জানিয়েছেন|

নৃশংস হত্যার শিকার তাজুল ইসলামের পিতা আবুল খায়ের বলেন, আসামিপক্ষের শুধুমাত্র একজন রাজনৈতিক দলীয় আর সবাই সরকারি কর্মকর্তা থাকায় আমাদের বিচারটা ঢিলা হচ্ছে| ঘটনার কিছুদিন পর বর্তমান প্রধানমন্ত্রীর (তারেক রহমান) মা বেগম খালেদা জিয়া আমাদের এখানে এসে মাথায় হাত দিয়ে বলেছিলেন আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা দল (বিএনপি) যখন ক্ষমতায় আসলে আমরা সর্বপ্রথম এ হত্যার বিচারটা করবো| তাই আমরা বিশ্বাস করি বর্তমানে তিনি (বেগম জিয়া) যেহেতু জীবিত নেই তবে তার দল ক্ষমতায় রয়েছেন| এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার মায়ের দিয়ে যাওয়া কথা বিবেচনায় আমাদের বিচারটা শেষ করবেন|

নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি বলেছেন, আমাদের মতো গোটা দেশের মানুষ হত্যার বিচারের অপেক্ষায় বসে আছে,কি রায় দেন এটা সবার দেখার ইচ্ছে| আমাদের সাতটা পরিবার প্রতিনিয়ত কান্না করে যায়| আমাদের যা হারানোর সেটা তো হারিয়ে ফেলেছি, এখন শুধু বসে আছি আল্লাহ তা'আলা যেন বিচারটা দেখায়|

জানা গেছে, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের একটি আদালতে হাজিরা শেষে প্রাইভেটকারযোগে ফিরছিলেন নাসিকের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম| একইসময়ে আদালতের কার্যক্রম শেষে অপর একটি প্রাইভেটকারে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহীম| পথিমধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে সাদা পোশাক পরিহিত র‌্যাব সদস্যরা তাদের ৭ জনকেই অপহরণ করে| ৭ জনকে অপহরণের ঘটনায় উত্তাল হয়ে উঠে নারায়ণগঞ্জ| দফায় দফায় চলতে থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ| পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর চর ধলেশ্বরী এলাকা থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ| ৭ জনকে হত্যাকান্ডের ঘটনায় একই পন্থা ও কায়দা অবলম্বন করা হয়| নিহতদের মধ্যে সবাইকে একই স্টাইলে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়| যাতে করে লাশ ভেসে উঠতে না পারে| উদ্ধার করা লাশের সবারই হাত-পা বাঁধা ছিল, পেটে ছিল ফাঁড়া| ১২টি করে ইট ভর্তি সিমেন্টের বস্তার দুটি বস্তা বেঁধে দেয়া হয় প্রতিটি লাশের সঙ্গে| তাদের সবার লাশের মুখ ছিলো ডাবল পলিথিন দিয়ে মোড়ানো|

মামলা চলাকালে প্রধান আসামীকে ভারত থেকে ফিরিয়ে আনা, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আসামীদের চোখ রাঙানি, নরঘাতকদের পক্ষে আদালতপাড়ায় শোডাউনসহ নানা ঘটনায় গেল আলোচিত ছিল ৭ খুনের মামলাটি| তদন্ত শেষে প্রায় এক বছর পর ২০১৫ সালের ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ| ওই বছরের ১৩ নভেম্বর নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনা হয়| ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি দু’টি মামলায় নূর হোসেনসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়| দু’টি মামলাতেই অভিন্ন সাক্ষী হলো ১২৭জন করে| যার মধ্যে দু’টি মামলার বাদি, দু’জন তদন্তকারী কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীসহ ১০৬ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়|

২০১৭ সালের ১৬ জানুয়ারী সকাল ১০টা ৪মিনিট থেকে ১০টা ৯ মিনিট পর্যন্ত তৎকালীন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত ৭ খুন মামলার রায় ঘোষণা করেন| নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামী নাসিকের বরখাস্তকৃত কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের চাকুরীচ্যুত অধিনায়ক লে. কর্নেল (অব:) তারেক সাঈদ মোহাম্মদ, উপ অধিনায়ক মেজর (অব:) আরিফ হোসেন ও ক্যাম্প ইনচার্জ লে. কমান্ডার (অব:) এম এম রানাসহ ২৬ জনের ফাঁসির আদেশ দেন আদালত| বাকি ৯ জনের মধ্যে অপহরণ ও লাশ গুমের সঙ্গে জড়িত থাকায় এক আসামীকে ১৭ বছর, অপহরণের সঙ্গে জড়িত থাকায় ৬ জনকে ১০ বছর এবং লাশ গুমে জড়িত থাকায় ২ জনকে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত|

পরবর্তীতে ২০১৭ সালের ২২ আগস্ট সাত খুন মামলায় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট| বাকি ১১ জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে|

রায়ে যে ২৬ জনের মধ্যে মৃত্যুদণ্ড দিয়েছিল নারায়ণগঞ্জের নিম্ন আদালত তাদের মধ্যে প্রধান চার আসামী সহ ১৫জনের মৃত্যুদণ্ড তথা ফাঁসির আদেশ বহাল রাখে হাইকোর্ট| মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ১১জনকে সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে|

ফাঁসি ১৫ জন

২২ আগস্ট হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড আসামীরা হলো প্রধান আসামী নূর হোসেন, র‌্যাবের চাকুরীচ্যুত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা (এমএম রানা), হাবিলদার এমদাদুল হক, ল্যান্সনায়েক বেলাল হোসেন, সিপাহী আবু তৈয়্যব, কনস্টেবল মো: শিহাব উদ্দিন, এসআই পুর্নেন্দ বালা, সৈনিক আবদুল আলীম, ল্যান্সনায়েক হীরা মিয়া, আরওজি-১ আরিফ হোসেন, সৈনিক মহিউদ্দিন মুন্সী (পলাতক), সৈনিক আলামিন শরিফ (পলাতক) ও ˆসনিক তাজুল ইসলাম (পলাতক)|

যাবজ্জীবন ১১ জন

এ ১১ জনকে ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জের নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিলেও ২২ আগস্ট হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে| তারা হলো র‌্যাবের সদস্য আসাদুজ্জামান নূর, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, রহম আলী, আবুল বাশার, নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, নূর হোসেনের সহযোগি সেলিম, জামালউদ্দিন, এনামুল কবীর, সানাউল্লাহ সানা (পলাতক), শাহজাহান (পলাতক)|

কারাদণ্ড ৯ জনের

এর আগে ১৬ জানুয়ারী ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে যাদের রায় ২২ আগস্ট হাইকোর্ট বহাল রেখেছে| অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেপ্তার আসামিদের মধ্যে করপোরাল রুহুল আমিনের ১০ বছর, এএসআই বজলুর রহমানের ৭ বছর, হাবিলদার নাসির উদ্দিনের ৭ বছর, এএসআই আবুল কালাম আজাদের ১০ বছর, সৈনিক নুরুজ্জামানের ১০ বছর, কনস্টেবল বাবুল হাসানের ১০ বছর কারাদণ্ড হয়েছে| পলাতক আসামিদের মধ্যে হাবিবুর রহমানের ১৭ বছর, কামাল হোসেনের ১০ বছর ও মোখলেসুর রহমানের ১০ বছর কারাদণ্ড হয়েছে| হাইকোর্ট তাদের নিম্ন আদালতের রায় বহাল রেখেছে|