News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

বন্দরে ৫ স্পটে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৭:০২ পিএম বন্দরে ৫ স্পটে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে জোনাল সেলস অফিস, বন্দর।

রবিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজার নেতৃত্বে উপজেলার হরিপুর, কুতুবপুর এবং দেওয়ানবাগ (মদনপুর) এলাকার ৫টি স্পটে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রায় ১ হাজার ১০০টি অবৈধ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, হরিপুর ও কুতুবপুর এলাকায় প্রায় ২০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৭ ফুট হোস পাইপ, ৫ ফুট এম এস পাইপ, ৮টি রেগুলেটর, ৪টি ডাবল চুলা ও ১টি ভাল্ব জব্দ করা হয়। মূল রাস্তার আরসিসি ঢালাইয়ের নিচে থাকা ২ ইঞ্চি অবৈধ বিতরণ লাইন কেটে (কিলিং) সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই এলাকায় ১টি ডাবল ও ১৫টি সিঙ্গেল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করে ২০ ফুট এম এস পাইপ ও ১টি রেগুলেটর জব্দ করা হয়। আরসিসি ঢালাইয়ের নিচের এই অবৈধ লাইনেও কিলিং করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

২৭ নম্বর ওয়ার্ডের হরিপুরে প্রায় ৫ কিলোমিটার এলাকার প্রায় ৩০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২ ইঞ্চি অবৈধ বিতরণ লাইনের উৎসে কিলিং করে সংযোগটি বন্ধ করা হয়।

হরিপুর বাজারের ৩টি আবাসিক ডাবল চুলা ও ১টি স্টার বার্নারের বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩০ ফুট এম এস পাইপ, ৫০ ফুট হোস পাইপ, ৩টি রেগুলেটর, ১টি স্টার বার্নার ও ২টি ডাবল চুলা জব্দ করা হয়। এই অপরাধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

বন্দর স্টিলের বিপরীতে দেওয়ানবাগ ও মদনপুর এলাকায় প্রায় ৩ কিলোমিটারজুড়ে অভিযান চালিয়ে আনুমানিক ৩০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২ ইঞ্চি বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিংয়ের মাধ্যমে এটি বন্ধ করা হয়।

অভিযানে মোট ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের সাথে জড়িত পাইপলাইন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।