News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

ঢাকায় পর নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের বড় মিছিলের সম্ভাবনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৯:৩৩ পিএম ঢাকায় পর নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের বড় মিছিলের সম্ভাবনা

অনেকটা আচমকাই রাজধানী ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল করেছে। যা সাধারণত অন্য দিনে মিছিলের চেয়ে একটু ব্যতিক্রন। তাদের এদিনের মিছিলে অন্য দিনের তুলনায় উপস্থিতি বেশি ছিলো। আর এই মিছিলের কারণে রাজনীতিতে কিছুটা হলেও হইচই শুরু হয়েছে। তবে নারায়ণগঞ্জেও এরকম মিছিলের সম্ভাবনা রয়েছে।

যে কোনো সময় শহরের কোনো এলাকায় এরকম মিছিল করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানান দিচ্ছেন। একই সাথে তাদের অনুসারীদেরও সরব হওয়ার আহ্বান জানাচ্ছেন। ডিসেম্বরে তাদের দলীয় প্রধান শেখ হাসিনা দেশে ফিরবেন বলে কর্মী সমর্থকদের উৎসাহিত করার চেষ্টা করে যাচ্ছেন।

বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হন। মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুইটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেওয়া দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে রাজধানী ঢাকায় এই মিছিলের পর থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরাও উচ্ছ্বাস প্রকাশ করছেন। দেশের বাইরে পালিয়ে থাকা নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে অনুগত নেতাকর্মীদের সরব হওয়ার আহ্বান জানাচ্ছেন। একই সাথে বিভিন্নভাবে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে বিশাল আকারে জড়ো হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। যেন অন্য সকল মিছিলের থেকে তাদের মিছিলটিতে উপস্থিতির সংখ্যা বেশি হয়।

ইতোমধ্যে নারায়ণগঞ্জে যুবলীগের পদপ্রত্যাশী ও শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান তার বক্তিগত ফেসবুক অ্যাকাউন্টসে লিখেন- প্রত্যাবর্তন না " শেখ হাসিনা বসন্ত " নারায়ণগঞ্জে ও ঢাকা'য় চলছে পূর্ণ দমে 'শেখ হাসিনা ' বসন্ত ।

আজকে ঢাকার রাজপথে আজ আর শুধু যানজট নেই, আছে এক নতুন হাওয়া। বুড়িগঙ্গার কোল ঘেঁষে যে বাতাস বয়ে আসে, তা আজ শীতলক্ষ্যার তীর ছুঁয়ে নারায়ণগঞ্জের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। এ হাওয়ার নাম, শেখ হাসিনা বসন্ত। এ কোনো ক্যালেন্ডারের বসন্ত নয়। এ বসন্ত আসে মানুষের চোখে, মানুষের বিশ্বাসে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে পতন হয়। আর এই পতন হওয়ার পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত সকলেই পলাতক রয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে হয়েছে। সারাদেশের মতো নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতারাও দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন।

সেই সাথে তারা দেশের বাইরে বেশ আরাম আয়েশেই খোশ মেজাজে রয়েছেন। কিন্তু নারায়ণগঞ্জ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকরা দেশেই রয়ে গেছেন। আর দেশে থাকা কর্মীরাই যে কোনো কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছেন। কর্মসূচির ডাক আসলেই তারা যে কোনো মূল্যে সফল করার লক্ষ্যে মাঠে নেমে পড়েন। নিজেদের জীবনের মায়া তারা করছেন না। সুবিধাভোগী নেতারা দেশের বাইরে আরাম করছেন আর দেশে থেকে মামলা, গ্রেফতার ও হয়রানি পেরেশানীর শিকার হচ্ছেন কর্মীরা।

অথচ দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাবস্থায় তারা সুযোগ সুবিধার বাইরে ছিলেন। সুযোগ সুবিধার তালিকায় তারা অনেক পিছিয়ে ছিলেন। কিন্তু ক্ষমতায় বাইরে থাকাবস্থায় আবার তারাই দলীয় কর্মসূচিতে এগিয়ে আসছেন। যে কোনো কর্মসূচির ডাক আসলেই তারা নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ছেন। এবারের স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যেও তারা সরব ছিলেন। সেই সাথে কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এবং মামলার আসামী হয়েছেন।

সবশেষ নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা এবং সরকারবিরোধী মিছিল-স্লোগানের প্রস্তুতির অভিযোগে ৬৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় অজ্ঞাত আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ১৯ জুন শহরের বঙ্গবন্ধু সড়কে প্রকাশ্যে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ করার প্রতিবাদে আজমেরী ওসমানের নির্দেশনায় যুবলীগের পক্ষে বিক্ষোভ মিছিল করেছিলেন। তাদের এই মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে কিছুক্ষণ পরই সমাপ্তি করা হয়।

তার আগে গত ২১ মে যুবলীগের নেতাকর্মীদের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই সাথে পরে খোঁজ নিয়ে জানা যায়, গত ২০ মে মহানগর যুবলীগের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশগ্রহণকারী সকলেই ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সমর্থক।

এদিন মিছিলে অংশ নেওয়ার সকলের মুখে ছিলো লাল কাপড়। মহানগর যুবলীগের নামের একটি ফেসবুক আইডি থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দাবি করে লেখা সম্বলিত নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ছবি দেওয়া ব্যানারটি নিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি মুখে লাল ও সাদা কাপড় বেধে হাতে ছোট ছোট বেশকয়েকটি বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করতে করতে শহরের খাজা সুপার মার্কেটের সামনে থেকে রাইফেলস ক্লাবের সামনে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের দিকে ঢুকতে দেখা গেছে। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ফিরে আসার স্লোগান দেন।

আর এই বিক্ষোভ মিছিলের ঘটনায় পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। নারায়ণগঞ্জ মডেল থানার এসআই মো. ফিরোজ আল মামুন বাদী এই মামলা দায়ের করেছেন। মামলায় সাফায়েত আলম সানী, জামির হোসেন রনি ও মো. কায়কোবাদ রুবেল সহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামী করা হয়েছিলো। তবে এসকল মামলার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা সুযোগ পেলেই নিজেদের জানান দেয়ার চেষ্টা করে আসছেন।