News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

উৎসবমুখর আয়োজনে আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৯:৪৩ পিএম উৎসবমুখর আয়োজনে আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠিত

এলাকাবাসীর স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ। এলাকাবাসীর স্বতস্ফূর্ত উপস্থিতিতে হলরুমটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মনির উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল আজিজ, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর ও জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুবায়ের সরদার।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, সামাজিক কাজে কোনো রাজনীতি চাই না। এলাকার কমিটিতে যারা এলাকার উন্নয়নে কাজ করতে চায় তাদের সবাইকে নিয়ে হোক। এখানে কোনো দলাদলি চাই না। রাজনীতি করার অনেক জায়গা আছে। এলাকার কোনো সমস্যা থাকলে এনসিপি বিএনপি জামায়াতের একার সমস্যা না। এটার ভুক্তভোগী সবাইকে হতে হবে।

তিনি আরও বলেন, এলাকার সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ থাকলেই সমস্যার সমাধান হবে। তারই ধারাবাহিকতায় আপনারা পঞ্চায়েত কমিটি গঠন করেছেন আপনাদের সাধুবাদ জানাই। আমি মনে করি; আমরা কোনো দলাদলী করবো না। এলাকার ভালো জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো তাহলে এলাকার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ এলাকার সামাজিক সমস্যা সমাধানে সকলেই ঐক্যবদ্ধ থাকবেন।

এমপি বলেন, এলাকার মূল সমস্যা মাদক; এটা এখন বড় সমস্যা হিসেবে আবির্ভাব হয়েছে। আপনাদের কাছে অনুরোধ কোনো মাদক ব্যবসায়ী গ্রেফতার হলে কেউ বলবেন না এটা আমার ভাতিজা ছেড়ে দেন। দয়া করে বলবেন না; এটা আমার ভাতিজা; এটা আমার ছেলে। মাদক ব্যবসায়ী যদি আমার ছেলে হয়; যদি আমার বাবাও হয়; আমার ভাই হয়; তারও সাজা হওয়া উচিত; শিক্ষা হওয়া উচিত। অন্যায়কারী যেই হোক তার শাস্তি হওয়া উচিত। তাহলে সমাজ ভালো হবে। যদি ছাড় দেয়া হয়; তাহলে অন্যায়কারী প্রতিষ্ঠিত হয়ে যাবে।

আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মনির উদ্দিন বলেন, আমাকে সভাপতি বানানো হয়েছে এটা আমার কোনো অহংকার না। আপনাদের সেবার করার জন্য বানানো হয়েছে। আমি কোনো দুই নাম্বারি কাজ পছন্দ করি না; কোনো অন্যায় আমার সহ্য হয় না। এজন্য আমাকে বলা হয় আমি রাগী। তবে আমার এই রাগ অন্যায়কারীদের প্রতি। আমাদের জলাবদ্ধতার সমস্যা রয়েছে; এই সমস্যার সমাধান করবেন। মাদকের কারণে একটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। পরবর্তী জেনারেশন যেন নষ্ট না হয়। মাদক থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সমস্যা সমাধান হয়ে যাবে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর বলেন, প্রত্যেকটি শিশু যেন সুশিক্ষায় শিক্ষিত হয় সেই ব্যবস্থা করতে হবে। শিক্ষাই পারে একটি জাতিকে সকল কুসংস্থার অন্ধকার থেকে মুক্ত রাখতে। আমাদের একটি মাঠ আছে। এই মাঠটা পরিচর্যা করলে খেলাধূলার সুযোগ হবে। পঞ্চায়েক কমিটির কার্যক্রম পরিচালনা করার জন্য একটি অফিস দরকার; তাই আমাদের একটি জায়গার ব্যবস্থা করে দিলে ভালো হয়।

তিনি আরও বলেন, মাদক একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। আমরা প্রশাসনের সহয়তায় মাদক নির্মূল করতে চাই। আমরা মাদক নিয়ে জিরো টলারেন্স অবস্থানে থাকতে চাই। এককভাবে কোনো সমস্যার সমাধান করা সম্ভব না। এলাকার উন্নয়ন করতে চাইলে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। সকলের সহযোগিতায় সমাজ থেকে সকল সমস্যার সমাধান করে আলীগঞ্জকে একটি বাসযোগ্য আধুনিক এলাকায় রূপান্তরিত করতে চাই।