নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন বলেছেন, এ দায়িত্ব আমার উপর অর্পিত পবিত্র আমানত। আমার জীবনটাই চ্যালেঞ্জের জীবন। আমি সফল না হলে প্রধানমন্ত্রী সফল হবেনা। তাই আমাকে সফল হতেই হবে। এক্ষেত্রে সফল না হবার কোন বিকল্প নেই। দলের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবিসহ সবাইকে নিয়ে নাগরিক সমস্যা সমাধানে কাজ করে যাব।
বুধবার সকাল ৯টায় তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি আবুল কালাম, জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরভবনে প্রবেশ করেন। এসময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে তিনি নির্ধারিত কক্ষে অফিস শুরু করেন।
চব্বিশের গণঅভ্যুত্থানের পরে নারায়ণগঞ্জসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ২১ আগষ্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে যোগদান করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। প্রায় বছরখানেক দায়িত্ব পালনের পরে তাকে পরিবর্তন করে যুগ্ম-সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়োগ দেয়া হয় ।
চলতি বছরের ২২ ফেব্রুয়ারী দেশের ৬ সিটিতে নিয়োগ দেয়া হয় দলীয় ৬ প্রশাসক। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
দায়িত্ব গ্রহণের পরে তিনি বলেন, নারায়ণগঞ্জে ধুলাবালির কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। নারায়ণগঞ্জকে ক্লীন সিটি গড়বো। প্রচুর পরিমাণে গাছ লাগাবো। আমাদের নেতা ব্রীফ করেছেন কি কি কাজ করতে হবে। আমাদের প্রশিক্ষন দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন জাপানের থিসিস করা মশা সম্পর্কে। ডেঙ্গু মশা চিকুনগুনিয়া মশা কিভাবে শনাক্ত করা যাবে। আমাদের ৬ জনকে এ বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ে গতিশীল প্রশাসন, গতিশীল সিটি করপোরেশন গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কারণ সিটি করপোরেশন এলাকাগুলো সিটির নাগরিক সমাজ অত্যন্ত দূরাবস্থার মধ্যে রয়েছে। আমাদের প্রথম কাজ মশা নিধনের মাধ্যমে এই দুরবস্থা থেকে রক্ষা করার। সামনে বৃষ্টির মওসুম আসছে। ডেঙ্গু চিকনগুনিয়া থেকে নগরবাসীকে রক্ষায় মশা নিধন করবো।
তিনি বলেন, নগরের রাস্তাঘাট সংস্কার, যানজট ফুটপাতের হকার, বিশুদ্ধ পানির সরবরাহসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে ৬০ দিনের কর্মসূচি হাতে নিব। বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জে যানজট সমস্যা সবচেয়ে প্রকট। অটোরিকশার সমস্যা সমাধানে পদক্ষেপ নিব।




































আপনার মতামত লিখুন :