নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে দুই চোখ হারানো 'জুলাই যোদ্ধা' মাহবুব আলম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া অধিবেশনে অতিথি হিসেবে সংসদ ভবনে তিনি উপস্থিত থাকবেন,।
বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।
ফেইসবুক পোস্টে তিনি লিখেন, মাহবুবকে নিয়ে আগে একটি শর্ট ডকুমেন্টারি নির্মাণ করা হয়েছিল। সেখানে মাহবুব বলেছিলেন, সামনে তো নির্বাচন। যেদিন সংসদ অধিবেশন বসবে সেদিন যদি একটু আসতে পারতাম। আমি তো আর দেখতে পাব না, যদি শুনতে পেতাম তারা কী নিয়ে কথা বলছেন। নারায়ণগঞ্জের এই জুলাই যোদ্ধা মাহবুব বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আমন্ত্রিত হয়েছেন। তাকে আমন্ত্রণ জানানোর জন্য বর্তমান সরকার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংসদ সচিবালয়ের সচিব এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে ধন্যবাদ। স্বাধীনতার মাস মার্চে স্বাধীনতা রক্ষার সৈনিক মাহবুবের সংসদ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়া একটি যুগান্তকারী বার্তা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া হকার্স মার্কেটে এলাকায় ছররা গুলিতে দুই চোখে গুলিবিদ্ধ হন মাহবুব আলম। এতে তার চোখের নার্ভ ছিঁড়ে যায় এবং বাঁ চোখের পর্দা ফেটে যায়। পরে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে দেশে ও বিদেশে চিকিৎসা নেওয়া হলেও তিনি দৃষ্টিশক্তি ফিরে পাননি।




































আপনার মতামত লিখুন :