বিগত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জে ঈদযাত্রায় ট্রেনে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ। নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের জন্য অনেকেই ট্রেনকে বেছে নেন। এবারের ঈদযাত্রাও তার ব্যতিক্রম হয়নি।
বুধবার সকাল থেকেই নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রাজধানীর কমলাপুর গমনকারী যাত্রীদের ভিড় দেখা গেছে। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়।
বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই পরিবার-পরিজনসহ যাত্রীরা স্টেশনে আসছেন। কেউ ব্যাগ হাতে, কেউ আবার ছোট শিশুদের সঙ্গে নিয়ে দীর্ঘ যাত্রার প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছেন ট্রেনের জন্য।
ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী ট্রেনের ছাদে উঠে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন।
যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ে পুলিশ, আনসার সদস্য, এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও যাত্রীদের ছাদে উঠতে বাধা প্রদান করতে দেখা যায়নি। ছাদে উঠতে গিয়ে এক যাত্রীকে মাথায় আঘাত পেতে দেখা গেছে।
ট্রেনের ছাদে ভ্রমনের বিষয়ে রেলওয়ের সংশ্লিষ্টরা কথা বলতে রাজী হননি।
তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেন, আমরা সাধারণত চেষ্টা করি ট্রেনের ছাদে কেউ যেন না উঠতে পারেন, কিংবা বাম্পারে কেউ যেন ভ্রমণ না করতে পারেন। কিন্তু যাত্রাপথে যাত্রীদের আসনের কয়েকগুন যাত্রী এসে উপস্থিত হয়েছেন। সবাই নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের লোক, তারা গ্রামে ঈদ করতে যাবেন পরিবারের সঙ্গে। ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হলেও মানবিক দিক বিবেচনায় তাদের বাধা প্রদান করা হয়নি।































আপনার মতামত লিখুন :