ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ বছর বয়সী মাদরাসার শিক্ষার্থী ইমরান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ও বর্তমান জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবৃতিতে তিনি বলেন, “ফতুল্লায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একটি নিষ্পাপ শিশু গুলিবিদ্ধ হওয়া অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনা। তার অবস্থা আশঙ্কাজনকত্মযা গভীর উদ্বেগের।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় অভিযুক্তদের তালিকায় থাকা সংশ্লিষ্ট প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিজেদের প্রভাব বিস্তারের জন্য এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
নিরব রায়হান বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গুলি ও সহিংসতার মহড়া চালিয়ে রাজনৈতিক অবস্থান শক্ত করার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।”
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান করেন তিনি।




































আপনার মতামত লিখুন :