হাশমত উল্লাহ ছিলেন নির্মোহ সৎ নিবেদিত সমাজকর্মী। “একজন সৎ- ন্যায়পরায়ণ নির্মোহ নিবেদিত সমাজকর্মী ছিলেন এ ওয়াই এম হাশমতউল্লাহ। সদা হাস্যোজ্বল প্রাণবন্ত থাকতেন তিনি। সমাজের অসঙ্গতিকে তুলে ধরে আধুনিক ছাঁচে গড়ে তুলতে চেয়েছেন সমাজকর্ম। প্রতিনিয়ত ভাবতেন সকলের সমবেত অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায়। আমরাও যদি মানবসেবায় ব্রতী হই তার বিদেহী আত্মা শান্তি পাবে। সমাজ হবে সুন্দর।”
৮ এপ্রিল অপরাহ্নে বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক সংগঠক ও বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক
(প্রশাসন ও অর্থ) এ ওয়াই এম হাশমতউল্লাহর স্মরণ সভা ও দোয়া মাহফিলে অতিথিবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন (এনজিএ) ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, নারায়ণগঞ্জ এর যৌথ উদ্যোগে পশ্চিম দেওভোগ ভূইয়ারবাগ
বিদ্যানিকেতন হাইস্কুল মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহসভাপতি এবং নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন (এনজিএ) এর সহসভাপতি নবী হোসেন।
এনজিএ এর সাধারণ সম্পাদক মঈন আহসানের সঞ্চালনায় কুরআন অনুবাদসহ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে এ ওয়াই এম হাশমতউল্লাহর বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মোঃ আব্দুস সালাম, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মন্টু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিদ্যানিকেতন হাইস্কুলের সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক এড, বি এম হোসেন, নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মিহির, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইদুল ইসলাম শাকিল প্রমুখ।
এ ওয়াই এম হাশমতউল্লাহর সন্তান শরীফ মোঃ তারেক ইউসুফ (আনন্দ) পিতার স্মৃতিচারণ করে তার সকল কর্মোদ্যোগের সহযোগী থাকার অঙ্গীকার ব্যক্ত করে বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর ২০২৬ হতে হাশমতউল্লাহ ফাউন্ডেশনের আওতায় শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে নবী হোসেন বলেন, এ ওয়াই এম হাশমতউল্লাহ একজন অবসরপ্রাপ্ত উর্ধ্বতন সরকারি কর্মকর্তা হয়েও সকলকে সম্মান দিয়ে খুব শালীনভাবে কথা বলতেন। তিনি নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন (এনজিএ), নাগরিক কমিটি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, জাতীয় ভোক্তা অধিদপ্তর, নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল, রহমতউল্লাহ মুসলিম ইন্সটিটিউটসহ বহু সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছেন। সমাজকর্মে নিরন্তর তার এই প্রয়াস শ্রদ্ধেয় অনুসরণীয়।
অনুষ্ঠানে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন তানযিমুল উম্মাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন মঞ্জু।








































আপনার মতামত লিখুন :