দেশের একটি ক্রান্তি লগ্নে ১৯৮১ সালে নারায়ণগঞ্জের সমমনা পাঁচটি সংগঠন— সাহিত্য বিতান, শাপলা, পলাশ, ড্যাফোডি ও দারুচিনি বাংলা নববর্ষ উপলক্ষ্যে সমন্বিতভাবে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। ১৩৮৮ সালের পহেলা বৈশাখ ভোর ছ’টায় সুধীজন পাঠাগারে সমবেত হয়ে শোভাযাত্রাসহ চাষাঢ়া’র গেলচত্বরে বৈশাখী গান ও কবিতা পাঠের আয়োজনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের যাত্রা শুরু। কিছুদিন পরে জোটে যুক্ত হয় উদীচী, সুধীজন পাঠাগার, নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও একতা খেলাঘর আসর। বহু চড়াই-উৎরাই পেড়িয়ে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ৪৫ বছর অতিক্রম করেছে। কখনো কোন সরকারের অনুগত হয়ে কাজ করেনি। জোটের ৪৫ বছরের ইতিহাস গৌরবের ইতিহাস, লড়াই-সংগ্রামের ইতিহাস। নারায়ণগঞ্জে ক্রেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠাসহ বহু গৌরবময় কর্মকাণ্ড জোটের ইতিহাসে যুক্ত রয়েছে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ৪৫ বছরপূর্তি ও বর্ষবরণ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। আজকে যুদ্ধে উন্মত্ত বিশ্বে যুদ্ধের বিরুদ্ধে ‘বাজাও তোমার বজ্রনিনাদ, কণ্ঠ ছাড়ো/ শ্বেত কবুতর উড়িয়ে দাও, আগে বাড়ো’ স্লোগন নিয়ে চারদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন দেশ বরেণ্য চিত্র শিল্পী রফিকুন নবী।
এ আয়োজনে ১ বৈশাখ ১৪৩৩, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার সকাল ছয়টায় প্রভাতী অনুষ্ঠানে থাকছে বাঁশি, তবলালহড়া, সংগীত, আবৃত্তি ও নৃত্য। পরে মঙ্গল শোভাযাত্রা। বিকাল সাড়ে তিনটায় চারদিন ব্যাপী উৎসবের উদ্বোধন করবেন চিত্রশিল্পী রফিকুন নবী। পরে জোট ভুক্ত সংগঠন সমূহের আয়োজনে থাকবে সংগীত, আবৃত্তি, নৃত্য, কবিতাপাঠ ও নাটক।
২ বৈশাখ বুধবার বিকাল চারটায় জোট ভুক্ত সংগঠন সমূহের আয়োজনে সংগীত, আবৃত্তি, নৃত্য এবং সন্ধ্যায় দেশের বিশিষ্ট বাউল শিল্পীদের পরিবেশনায় বাউল গান।
৩ বৈশাখ বৃহস্পতিবার বাউল উৎসব। ঐ দিন বিকেল পাঁচটায় দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট বাউল শিল্পীগণ পরিবেশন করবেন বাউল গান।
১, ২, ৩ বৈশাখের অনুষ্ঠান নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
৪ বৈশাখ শুক্রবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরিবেশিত হবে উৎপল দত্ত রচিত, অনন্ত হিরা নির্দেশিত, প্রাঙ্গণে মোর প্রযোজিত নাটক ‘টিনের তলোয়ার’।








































আপনার মতামত লিখুন :