News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

হকার উচ্ছেদে মাঠে ম্যাজিস্ট্রেট, পুনর্বাসনের দাবীতে পাল্টা মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৯:৩৩ পিএম হকার উচ্ছেদে মাঠে ম্যাজিস্ট্রেট, পুনর্বাসনের দাবীতে পাল্টা মিছিল

নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে হকারমুক্ত রাখতে মাঠে নেমেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সিটি কর্পোরেশনের উচ্ছেদ টিম।

নাসিকের মাসিক সভায় সিদ্ধান্তে অনুযায়ী রোববার বিকালে চাষাঢ়ায় দেখা গেছে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিকুল ইসলাম ও সিটি কর্পোরেশনের দায়িত্বরত মোঃ সম্রাট হোসেন সুজন সহ উচ্ছেদের কর্মীদের।

প্রচন্ড বৃষ্টিতে সোনালী ব্যাংকের প্রধান সামনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগেই ফুটপাত থেকে হকারমুক্ত ছিলো।

এদিকে পুনর্বাসন দাবিতে শহরে মিছিল বের করেছে হকাররা। এবার মিছিলে দেখা যায়নি বাম-ডান নেতাদের।

ম্যাজিষ্ট্রেট অভিযানের আগেই রোববার বিকালে শহরের চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন হকাররা।

পুনর্বাসনের দাবিতে এবং পুনর্বাসন ছাড়াই উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ হকার ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করেন। হকার ঐক্য পরিষদের সমন্বয়ক আব্দুল সালামের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন হকার্স দল নেতা কেএম মিজানুর রহমান রনি ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সহ শত শত হকাররা।

সমাবেশ শেষে হকাররা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে কয়েক দফা ঘুরে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় দীর্ঘক্ষণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হকাররা।

সমাবেশে হকার নেতা রনি বলেন, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ মেনে নেওয়া হবে না। আমাদের জীবিকার প্রশ্ন জড়িত। বসার জায়গা না দিলে বিকল্প ব্যবস্থা করতে হবে। পুনর্বাসনের সুস্পষ্ট পরিকল্পনা না থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও হকারদের পুনর্বাসনের কথা বলেছেন। তাই আমরা দ্রুত পুনর্বাসনের দাবি জানাচ্ছি। এর আগে কোনো উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা উচিত নয়।

সিটি কর্পোরেশদের উচ্ছেদ টিমের দায়িত্বরত সম্রাট হোসেন সুজন জানান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে ফুটপাতে হকারমুক্ত অভিযান পরিচালিত হয়েছে। প্রচন্ড বৃষ্টিতে চাষাঢ়া অবস্থান করলেও পরবর্তিতে পুরো শহর অভিযান পরিচালিত হয়েছে। ফুটপাত হকারমুক্ত রাখার সিদ্ধান্তে নগর কর্তৃপক্ষ ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, হকার কোনোভাবেই ফুটপাতে বসতে পারবে না। নগরবাসীর চলার পথে বাধা সৃষ্টি করা যাবে না। এজন্য সমন্বিত টিম করা হবে এবং প্রতিদিন অভিযান চলবে।

এর আগে গত ১৩ এপ্রিল শহরের বঙ্গবন্ধু সড়কসহ আশপাশের এলাকায় হকার উচ্ছেদে অভিযান চালায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। অভিযানের আগের রাতেই অনেক হকার স্বেচ্ছায় দোকান সরিয়ে নেওয়ায় সেদিন বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। তবে উচ্ছেদের এক সপ্তাহের মাথায়, ২০ এপ্রিল প্রথম দফায় মাঠে নামে হকাররা। সেদিনও তারা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করে। এরপর আবারও রোববারের কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি জোরালো করল তারা।