ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পরিবহন মালিকদের একতরফা ও অযৌক্তিক ভাড়া বৃদ্ধি প্রত্যাহার এবং শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিতকরণ সহ ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা।
রবিবার (১৭ মে) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক রায়হান কবিরের নিকট উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সেক্রেটারি মুহাম্মদ ফজলে রাব্বি, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি মুহাম্মদ নূর নবী ইসলাম, সরকারি তোলারাম কলেজ সভাপতি মুহাম্মদ সিয়াম ও খাজা ফাহিম সরকার প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পরিবহন মালিক সমিতির একতরফা সিদ্ধান্তে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি, হাফ পাস সুবিধা না দেওয়া এবং শিক্ষার্থীদের সাথে বাসের চালক ও সহকারীদের দুর্ব্যবহার মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে নারায়ণগঞ্জের হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ যাত্রী প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে উপস্থাপিত ৬টি দাবি হলো- নারায়ণগঞ্জ-ঢাকা যাতায়াতে বর্তমান ৫৫ টাকার অযৌক্তিক ভাড়া অবিলম্বে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা। শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২৫ টাকা হাফ পাস সুবিধা নিশ্চিত করা এবং শুক্র ও শনিবারসহ সপ্তাহের সাতদিনই এই সুবিধা কার্যকর রাখা। বাসে শিক্ষার্থী সংখ্যা নির্দিষ্ট না রেখে প্রত্যেক বৈধ শিক্ষার্থীকে কোনো রকম হয়রানি ছাড়াই হাফ পাস সুবিধা দেওয়া। চালক ও সহকারীদের দ্বারা শিক্ষার্থীদের প্রতি দুর্ব্যবহার ও জোরপূর্বক বাস থেকে নামিয়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর নিয়ম করা। ফিটনেসবিহীন গাড়ি প্রত্যাহার করে দক্ষ ও লাইসেন্সপ্রাপ্ত চালকের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং যত্রতত্র স্ট্যান্ড বানিয়ে শহরে যানজট তৈরি করা বন্ধ করা। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে সরকারি বিআরটিসি বাসের সংখ্যা ও ট্রিপ কয়েকগুণ বৃদ্ধি করা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক একজন দায়িত্বশীল প্রশাসক হিসেবে এই ন্যায়সংগত দাবিগুলো আমলে নিয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই রুটের পরিবহন খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করবেন।



































আপনার মতামত লিখুন :