১৭ মে বেলা ১২টায় নারায়ণগঞ্জ কলেজ গেটে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনগুলোর দাবিগুলো হলো নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে, কলেজের আশেপাশের হকার সমস্যা দূরীকরণের পাশাপাশি ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে, ক্যাম্পাসের সামনে ট্রাফিক পুলিশ/যানজট নিরসনকর্মী নিয়োগ দিতে হবে ও কলেজের পাশের বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিতে হবে।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক বলেন, আমরা আজকের সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে এই ৪ দফা দাবিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, সিরাজউদ্দৌলা সড়কে নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এ সড়কের পরিবেশ কোনোভাবেই শিক্ষার্থীবান্ধব নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামী ৫ কার্যদিবসের মধ্যে এসব অব্যবস্থাপনার সমাধান না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ছাত্রদল নারায়ণগঞ্জ কলেজ শাখার সভাপতি আলিমুল সিফাত বলেন, কিছু মহল নিজেদের অসৎ স্বার্থে বিষয়টি নিয়ে কালক্ষেপণ করছে, যা শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী। মনে রাখতে হবে, এই ছাত্রসমাজই স্বৈরাচার উৎখাত করেছে। শিক্ষার্থীদের দাবি আদায়ে যেকোনো আন্দোলনে ছাত্রদল তাদের পাশে থাকবে।
জাতীয় ছাত্রশক্তি জেলা যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান বলেন, দীর্ঘদিনের ভোগান্তি, অব্যবস্থা ও অবহেলার বিরুদ্ধে আজ শিক্ষার্থীদের কণ্ঠ এক হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি মহানগর যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া ও প্রচার সেল সম্পাদক রাফিন হাসান বলেন, হকার সমস্যা দূরীকরণ এবং ক্যাম্পাসে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।






































আপনার মতামত লিখুন :