News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে ড্রেনের গ্যাস পাইপ লিকেজে অগ্নিকাণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১০:১১ পিএম বন্দরে ড্রেনের গ্যাস পাইপ লিকেজে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে সিটি কর্পোরেশনের ড্রেনের ভেতরে থাকা গ্যাসের মেইন পাইপলাইন লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডের দক্ষিণ শাহীমসজিদ খালপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার সময় পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ড্রেনের ভেতরের গ্যাস পাইপলাইন থেকে হঠাৎ করে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে আশপাশের বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ভূমিকার কারণে আগুন আশপাশের জনবসতিতে ছড়াতে পারেনি।

এলাকাবাসী জানান, ড্রেনের ভেতরের গ্যাস পাইপটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জং ধরে লিকেজের সৃষ্টি হয়েছিল। সেখান থেকেই এই আগুনের সূত্রপাত। অল্পের জন্য দক্ষিণ শাহীমসজিদ এলাকার বহু বসতবাড়ি ও সাধারণ মানুষের জীবন বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।

বন্দর ফায়ার ইউনিট অফিসার আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক পদক্ষেপের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের দুর্ঘটনা এড়াতে জং ধরা ও ঝুঁকিপূর্ণ পাইপলাইনগুলো দ্রুত স্থায়ীভাবে মেরামত বা প্রতিস্থাপন করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।