News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জে কালেমা যুক্ত করতে গিয়ে বিকৃত হচ্ছে জাতীয় পতাকা!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:১৫ পিএম নারায়ণগঞ্জে কালেমা যুক্ত করতে গিয়ে বিকৃত হচ্ছে জাতীয় পতাকা!

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জেও আরবি অক্ষরে লেখা সাদা-কালো রঙের কালেমার পতাকা উড়তে দেখা যাচ্ছে।

মহাসড়কের ফুটওভার ব্রিজ কিংবা পাড়া-মহল্লার অলিগলিতে কে বা কারা কোন উদ্দেশ্যে এই পতাকা লাগাচ্ছেন তা সম্পর্কে জানা সম্ভব হয়নি।

তবে এবার কালেমার সেই পতাকার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকাকে যুক্ত করে বিকৃত করা হয়েছে যা দেশের আইনকে সরাসরি অবমাননার সামিল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডস্থ ফুটওভার ব্রিজের সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সড়কবাতির বৈদ্যুতিক খুঁটিতে বেঁধেসহ বিভিন্নভবে লাল-সবুজের পতাকার সঙ্গে সাদা জমিনের উপর কালো কালিতে কলেমা লেখা যুক্ত করে বেশ কয়েকটি পতাকা টাঙানো রয়েছে।

শাহআলম নামের ফুটওভার ব্রিজের এক হকারের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমরা এই পতাকা লাগাতে দেখিনি। যারাই লাগিয়েছেন অবশ্যই ভোর সকালে লাগতে পারে, কারণ তখন মানুষজন কম থাকে।

জাতীয় পতাকাতে কালেমা লেখা যুক্ত পতাকা সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, গোটা দেশের মতো নারায়ণগঞ্জেও কালেমা লেখা পতাকা টাঙানো হচ্ছে, তবে কে বা কারা এটি করছে আমরা অবগত নই। মূলত ফুটবল বিশ্বকাপ উন্মাদনাকে ঘিরে বিভিন্ন দেশের পতাকা উড়ানোয় হয়তো ইমানের দিকে তাকিয়ে মুসলমানরা এই পতাকা উড়াচ্ছেন। কিন্তু আমাদের দেশের জাতীয় পতাকার সম্মান অবশ্যই রক্ষা করতে হবে। জাতীয় পতাকা বিকৃত করাকে আমরা সমর্থন করিনা। রাজনৈতিক ও দেশের স্বার্থে এই কাজের সঙ্গে কারা জড়িত রয়েছে সেটা আমার সেইভাবে গুরুত্বসহকারে খতিয়ে দেখছি না।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির আব্দুর জব্বার জানান, ফুটবল বিশ্বকাপ উন্মাদনাকে ঘিরে আমাদের দেশের সমর্থকরা পাড়া-মহল্লা,অলিগলি কিংবা ভবনের ছাদে বিভিন্ন দেশের পতাকা উড়ানোয় দেশের কিছু মাদ্রাসার শিক্ষার্থীরা মুসলিম প্রধান দেশ হিসেবে ধর্মের কালেমার পতাকা উড়াচ্ছেন বলে জানতে পেরেছি। তাদের এই কাজে আমরা বাধাপ্রদান করতে পারিনা। তবে কালেমা লেখা পতাকাগুলোর সঙ্গে অন্যান্য কিছু সংগঠনের মিল থাকায় প্রশাসন কর্তৃক কিছুটা ভিন্ন চোখে দেখছে। যা প্রশাসনই তদন্ত করার ক্ষমতা রাখেন। তবে জাতীয় পতাকার সঙ্গে কালেমার পতাকে যুক্ত সাংঘর্ষিক। কারণ এটিতে শুধু জাতীয় পতাকাকে নয় কালেমার পতাকাকেও বিকৃত করা হয়েছে। আমরা এটার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। এটা অবশ্যই প্রশাসনের খতিয় দেখা উচিত।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী জানান, সাদাকালো কালেমার পতাকা টাঙানো হয়েছে যা শুধু নারায়ণগঞ্জ নয় পুরো দেশেই প্রায় ছড়িয়ে গিয়েছে। যারা পতাকা লাগাচ্ছেন তাদের বিভিন্ন বক্তব্যে আমরা যেমনটা জেনেছি যে ফুটবল বিশ্বকাপ ঘিরে বিভিন্ন দেশের পতাকা উড়ানোয় মুসলিম প্রধান দেশে হিসেবে তারাও কালেমার পতাকা উড়াচ্ছেন। তবে জাতীয় পতাকার সঙ্গে কালেমা লেখা যুক্তের বিষয়টি আমার জানা নেই।