চলমান ফুটবল বিশ্বকাপের উম্মাদনায় ভাসছে পুরো দেশ। সেই সাথে ভাসছে নারায়ণগঞ্জের ফুটবল প্রেমী দর্শকেরা। এই উম্মাদনা আরো এক ধাপ বাড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের খেলাগুলো সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং চাষাঢ়া শহীদ মিনার থেকে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হবে।
নগর প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে এমন উদ্যোগের পেছনের কারণ হিসেবে তিনি জানান, নগরীতে অনেক সাধারণ মানুষের বসবাস যাদের অনেকেই খেলা দেখতে পারেননা। বড় পর্দার মাধ্যমে সে সব মানুষের মধ্যে একটু নির্মল বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি খেলা প্রদর্শনের মাধ্যমে তরুণ সমাজকেও উদ্বুদ্ব করার একটি বিষয়টি রয়েছে। যাতে করে তারা খেলাধুলার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়।
শুধু মাত্র বিশেষ দুটি দলের খেলা প্রদর্শন করা হবে নাকি সকল দলের খেলা প্রদর্শন করা হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো বিশেষ দলের নয় এখন থেকে এই দুটি স্পটে বিশ্বকাপের সব গুলো ম্যাচই প্রদর্শন করা হবে।
জানা গেছে, ইতোমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ৫জন ফুটবল কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এবং তাদেরকে মাঠে ফেরাতে সিটি কর্পোরেশন থেকে এমন উদ্যোগ নিয়েছে প্রশাসক সাখাওয়াত হোসেন খান। গলাচিপা এলাকায় একটি আলোচনা সভায় তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে আল্লামা ইকবাল রোডে অবস্থিত টিএন্ডটি কলোনীর ফাঁকা জায়গা গুলো যেখানে জঙ্গলে পরিণত হয়ে মাদক স্পট হয়ে উঠেছে সেটিকে পরিস্কার করে খেলার মাঠ নির্মাণ এবং সেখানেও একজন ফুটবল ও একজন ক্রিকেটের কোচ নিয়োগ সহ খেলাধুলার সরঞ্জামাদি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


































আপনার মতামত লিখুন :