News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

জুলাই আমাদের সাহসী করে তুলেছে : শফিকুল আলম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১০:০২ পিএম জুলাই আমাদের সাহসী করে তুলেছে : শফিকুল আলম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সকলেরই কিছু ভয়ঙ্কর এবং কিছু সাহসী অভিজ্ঞতা আছে। ক্ষুদ্র মানুষ থেকে নিজেকে বিপ্লবী হিসেবে দেখার অভিজ্ঞতা আমাদের হয়েছে। হটাৎ করে কোথা থেকে আমাদের সবার এত সাহস চলে এলো তা আমরা ভাবতেও পারিনি।

রোববার নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত এক সভায় এই মন্তব্য করেন তিনি। এদিন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের ‘পাঠচক্র ও শিক্ষা সেল’ আয়োজিত জুলাই স্মৃতি বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।

শফিকুল আলম বলেন, একটা বৈষম্যবিরোধী আন্দোলন থেকে জাতীর পরিবর্তনের লড়াই শুরু হলো। আমি এটাকে দেখি ডিগনিটির লড়াই। ১৮ তারিখ থেকে মানুষ রাস্তায় নেমে এলো কারন তাদের হেয় করা হয়েছে। শেখ পরিবার আমাদের প্রজা বা দাস বানিয়ে রেখেছে। সবাই বলতে শুরু করে আমি রাজাকার। একটা ঘৃণিত শব্দকে নিজের কাছে নিয়ে লড়াইয়ে নেমেছে মানুষ। বাংলাদেশের ইতিহাসে এমন আন্দোলনের কোন তুলনা হয়না। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নামেনি। ১৬ বছর ধরে শোষন করা হয়েছে, কোন অধিকার রাখা হয়নি, আমাদের চাকরি দেয়া হয়নি, বর্ডারে কিলিং করা হচ্ছে, চোখের সামনে ব্যাংকগুলো খালি করে ফেলা হচ্ছে, পত্রিকায় এর পক্ষে সম্মতি উৎপাদন করা হয়েছে।

আওয়ামী লীগের পরিণতি উল্লেখ করে বলেন, ‘এই আন্দোলনে মানুষ এমনভাবে প্রতিরোধ করেছে যে ৮০ বছরের পুরোনো একটি দল পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। এখন তাদের একটি ঝটিকা মিছিল করার জন্য বিপুল পরিমান ডলার খরচ করতে হয়। তাও ঠিকমত করতে পারে না। এক মিনিট মিছিল করেই তা ভেঙ্গে পালিয়ে যায়।’

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, আমরা পাচ আগস্ট সকালে যারা রাস্তায় নেমেছি তারা কেউ কি জানতাম আজ আমরা এখানে বসবো? আমরা একজন আরেকজনকে চিনতাম না। গণঅভ্যুত্থান আমাদের চিনিয়েছে। আমরা একত্রিত হয়েছিলাম একটি পয়েন্টে। আর সেটা হচ্ছে বাংলাদেশে যা চলছে তা আর চলতে দেয়া যায় না। এই পরিবর্তনের লক্ষ্যেই আমরা লড়াই করেছি, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে। ব্যক্তিগত রাজনীতির জন্য কেউ জান দিতে নামে নাই। দেশের পরিবর্তনের জন্য জীবন দিতে নেমেছিলো।

অনুষ্ঠানে মহানগর এনসিপির আহবায়ক শওকত আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, লেখক ও চিন্তাবিদ রক মনু, মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল খায়ের, জেলা এনসিপির সদস্য সচিব জোবায়ের আহমেদ প্রমুখ।