News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

গরমে বিপত্তি বিদ্যুতের লোডশেডিং


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ১০:২০ পিএম গরমে বিপত্তি বিদ্যুতের লোডশেডিং

গ্যাস সংকটের পাশাপাশি নারায়ণগঞ্জে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং যেন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

চাহিদা মেটাতে যেখানে জ্বালানি প্রয়োজন, সেখানে জ্বালানি সংকট নতুন সমস্যা তৈরী করছে। এমন অবস্থায় ঘাটতি পুষিয়ে নিতে জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে। অনেককে মোমবাতি জ¦ালিয়ে প্রয়োজনীয় কাজ সারছে।

নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় ৩০-৪০ শতাংশ কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। এতে শিল্প উৎপাদনের পাশাপাশি কৃষি সেচ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীসহ গার্মেন্টস হোসিয়ারী কারখানাগুলোতেও শ্রমিকরা কাজ করতে পারছেনা। বসতবাড়িতে বিদ্যুৎ সংকটের কারণে পানি সরবরাহও ব্যহত হচ্ছে। তীব্র তাবদাহে বসতবাড়িতে বিদ্যুতের লোডশেডিং এর কারণে সাধারণ মানুষ খোলা জায়গায় গাছের নিচে অবস্থান করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পাঠদান ব্যাহত হচ্ছে।

জেনারেটর ব্যবসায়ীরা জানান, ঘন ঘন লোডশেডিং এ জেনারেটর ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে পরেছে চরম বিপাকে। অতীতের তুলনায়  দ্বিগুন তেল ব্যয় হলেও সামলাতে পারছে না ব্যবসায়ীরা। জেনারেটর বন্ধ করে বার বার তেল লোড করে আবার জেনারেটর পুনরায় চালু করতে হচ্ছে।

আড়াইহাজার পৌর এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী নাহিদ হিমু বলেন, এখানে লোডশেডিং এর কারনে টানা ৬ ঘন্টা দুর্ভোগ পোহাতে হয়েছে। আমাদের ফ্রিজের খাবার নষ্ট হয়, গ্রাহকদের খাবার সরবরাহ করতে পারছি না। বাসাবাড়িতে সোলার বসাতে বাধ্য হচ্ছি। শিশু ও বৃদ্ধরা অসহনীয় কষ্ট ভোগ করছে তীব্র গরমে। একদিকে বিদ্যুৎ নেই, অন্যদিকে তীব্র গরম। গরমের কারনে নানান অসুখও দেখা দিচ্ছে। 

বন্দরের সাবদি অঞ্চলের বাসিন্দা ইমন বলেন, রাতে বিদ্যুৎ থাকছে না বললেই চলে। মানুষ শান্তিতে ঘুমাতেও পারছে না। অসহনীয় হয়ে উঠছে লোডশেডিং। যেকোন সময় মানুষ ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করবে। তীব্র গরমে মানুষ হাসফাঁস করছে প্রতিনিয়ত।