News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

দুই এমপির ছেলেরা রাজনৈতিক সচিব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ১০:৩৯ পিএম দুই এমপির ছেলেরা রাজনৈতিক সচিব

নির্বাচিত হওয়ার ১৪ দিন ও সাড়ে ৫ মাস পর দুই এমপিই তাদের ছেলেদের রাজনৈতিক সচিব পদে নিয়োগ দিয়েছেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে এমপি অ্যাডভোকেট আবুল কালাম তার একমাত্র ছেলে আবুল কাউসার আশাকে ৭ মার্চ তার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। এবার আবুল কালামের দেখানো পথে হাঁটলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান। তার এক মাত্র ছেলে খাইরুল ইসলাম সজীবকে ৯ আগষ্ট রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

সংসদ সদস্যের স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সচিব হিসেবে সজিব নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে সহযোগিতা করবেন। পাশাপাশি সংসদ সদস্যের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্বও পালন করবেন। নিয়োগপত্রে আরও উল্লেখ করা হয়, সংসদ সদস্যের নির্বাচনী এলাকার কার্যক্রমকে আরও সমন্বিতভাবে পরিচালনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রাজনৈতিক সচিব হিসেবে সজিব প্রয়োজনীয় সহযোগিতা দেবেন।

খাইরুল ইসলাম সজিব এর আগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন, ইতোমধ্যে তাকে যুবদল থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে ৭ মার্চ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিবের দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে জনাব আবুল কাউছার আশাকে আমার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

তিনি আরও বলেন, আশা আমার পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা প্রদান করবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং আমার নির্দেশক্রমে বলবৎ থাকবে। আমি আশা করি, তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।