News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

বিসিকের চেয়ারম্যান টিটুকে হোসিয়ারী অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৭:২১ পিএম বিসিকের চেয়ারম্যান টিটুকে হোসিয়ারী অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নবনিযুক্ত চেয়ারম্যান এবং টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বেনজীর আহমেদ টিটুকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (বিএইচএ)।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বিসিক কার্যালয়ে এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের (২০২৫-২০২৭) একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পখাত আরও সুসংগঠিত ও আধুনিক রূপ পাবে।

পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় হোসিয়ারী শিল্পের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন এসোসিয়েশনের প্রতিনিধিরা। একই সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত 'বিসিক হোসিয়ারী শিল্প নগরী'র অবকাঠামোগত সমস্যা, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা এবং উদ্যোক্তাদের নানাবিধ সংকটের বিষয়টি চেয়ারম্যানের দৃষ্টিগোচর করা হয়।

এ সময় এসোসিয়েশনের পক্ষ থেকে বিসিক চেয়ারম্যানকে সরজমিনে শিল্প নগরীটি পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) মোঃ দুলাল মল্লিক এবং পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, হাজী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব মোঃ মনির হোসেন, মোঃ মিজানুর রহমান ও মোঃ মাসুদুর রহমানসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।