News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

রূপগঞ্জে টেঁটা মেরে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৭:৪৫ পিএম রূপগঞ্জে টেঁটা মেরে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সানাউল্লাহ (৩৩) নামে এক যুবককে টেঁটা মেরে হত্যা মামলায় আক্তার সরকার (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত নাজমুন নাহার সুমি আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আক্তার সরকার রূপগঞ্জের দিগুলিয়ারটেক এলাকার মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে। সেই সাথে নিহত সানাউল্লাহ দিঘুলিয়ারটেক এলাকার সাত্তার সরকারের ছেলে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, ২০২০ সালের ১৮ অক্টোবর হাঁস-মুরগি নিয়ে সানাউল্লাহর স্ত্রী মোসলেমার সঙ্গে পাশের বাড়ির আক্তার সরকারদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় অসুস্থ সানাউল্লাহ ঢাকায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। পরে রাতে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে ঝগড়ার কারণ জানতে চাওয়ায় আক্তার সরকার তাদের লোকজনের মধ্যে ফের বাগবিতণ্ডা হয়।

এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আক্তার সরকার ঘর থেকে টেঁটা নিয়ে নিয়ে এসে সানাউল্লাহর বুকের নিচে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গে সানাউল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।