News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

শিক্ষাক্ষেত্রে নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই : সাখাওয়াত হোসেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৯:০৮ পিএম শিক্ষাক্ষেত্রে নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই : সাখাওয়াত হোসেন

নারীদের শিক্ষার গুরুত্বারোধ ও তাদের এগিয়ে থাকার বিষয়টি উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, শিক্ষাক্ষেত্রে নারীরা এখন কোনো অংশেই পিছিয়ে নেই। ফলাফলেও মেয়েদের পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা তুলনামূলক বেশি। আমাদের স্বপ্ন এই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে দেশের মেয়র, সংসদ সদস্য, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হয়ে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে।

একটা সময় আমরা আন্দোলন করতাম শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেয়ার জন্য। বিগত সরকারের সময় এই দাবি পূরণ হয়নি। গত ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পরে গত বাজেটে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। আশা করছি জাতীয় আয়ের একটি বড় অংশও আগামীতে শিক্ষাখাতে বরাদ্দ দেয়া হবে। আজকের দিনের শিক্ষার্থীরা আগামীর সম্পদ। তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে তারা দেশ সমাজ ও পরিবারের জন্য সুফল বয়ে আনবে।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বেলায় সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীদের ক্রিকেট প্রশিক্ষণের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে একজন নারী ক্রিকেট কোচ নিয়োগ দেওয়া সহ কলেজের বেশ কিছু অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, আগে ভেঙে ফেলা কলেজের গেটের স্থানে সিটি করপোরেশনের উদ্যোগে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন গেট নির্মাণ করা হবে। অভিভাবকদের বসার জন্য কলেজের পাশে টিনশেড নির্মাণ, রাতে চলাচলের সুবিধার্থে আলোর ব্যবস্থা, আশপাশের জলাবদ্ধতা নিরসন এবং উন্নতমানের মহিলা পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

নবীন শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষাজীবনে এসএসসি ও এইচএসসি পর্ব দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করতে পারলে জীবনের মোড় ঘুরে যাবে। আমাদের লক্ষ্য নারীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে তারা বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত করতে পারে।

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. সাহাবুদ্দিন ইসলাম, প্রফেসর শবনম আক্তার, প্রফেসর রুমানা জাহানসহ আরো অনেকে।